|

Advertisement
×
অ্যালিয়ানজ গ্লোবাল ইন্স্যুরেন্স প্রতিবেদন

বিশ্ব বীমা শিল্পে নতুন প্রবৃদ্ধির কেন্দ্র এশিয়া

রবিবার, ০২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৩০ বার পঠিত

বিশ্ব বীমা শিল্পে নতুন প্রবৃদ্ধির কেন্দ্র এশিয়া

বিশ্বের বীমা শিল্পে প্রবৃদ্ধির প্রধান কেন্দ্র হিসেবে এশিয়ার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের প্রবৃদ্ধি কিছুটা কমলেও চীন ও জাপান বাদে এশিয়া বিশ্বের দ্রুততম বর্ধনশীল বীমা অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে আগামী এক দশকেও বৈশ্বিক বীমা বাজারের সম্প্রসারণে সবচেয়ে বড় অবদান রাখবে এশিয়া, যেখানে ভারতের উত্থান হবে সবচেয়ে উল্লেখযোগ্য। এমন পূর্বাভাস দিয়েছে অ্যালিয়ানজ গ্লোবাল ইন্স্যুরেন্স রিপোর্ট ২০২৬।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে পশ্চিম ইউরোপের বীমা বাজার ২০১৫–২০২৫ সময়ের গড় প্রবৃদ্ধির তুলনায় প্রায় দ্বিগুণ হারে বেড়েছে। তবে চীনের প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশে নেমে আসায় উদীয়মান অর্থনীতিগুলোর সামগ্রিক প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হয়েছে। এটি দেশটির দীর্ঘমেয়াদি গড় প্রবৃদ্ধির তুলনায় ৩ শতাংশ পয়েন্টেরও বেশি কম।

তবে চীন ও জাপানকে বাদ দিলে এশিয়ার চিত্র ভিন্ন। এ অঞ্চলে ২০২৫ সালে বীমা প্রিমিয়াম প্রবৃদ্ধি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা ২০১৫-২০২৫ সময়ের গড় ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির দ্বিগুণেরও বেশি। অ্যালিয়ানজের ভাষ্য, দীর্ঘমেয়াদে বৈশ্বিক বীমা শিল্পের প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবেই এশিয়া থাকবে।

প্রতিবেদন বলছে, আগামী ১০ বছরে বৈশ্বিক বীমা প্রিমিয়ামের আকার আরও ৫ দশমিক ২৬ ট্রিলিয়ন ইউরো বাড়বে। এর অর্ধেকেরও বেশি অতিরিক্ত প্রিমিয়াম আসবে এশিয়া থেকে। চীন এ অঞ্চলের সবচেয়ে বড় বীমা বাজার হিসেবে থাকলেও ভারত হবে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান বীমা বাজার।

অ্যালিয়ানজের পূর্বাভাস অনুযায়ী, ভারতের মোট বীমা প্রিমিয়াম আগামী এক দশকে গড়ে ১০ দশমিক ৭ শতাংশ হারে বাড়বে। বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ বীমা বাজারের একটি হলেও দেশটিতে বীমা প্রবেশের হার জিডিপির মাত্র ৩ দশমিক ৮ শতাংশ এবং মাথাপিছু বীমা ব্যয় প্রায় ৮৫ ইউরো। ফলে দেশটিতে বীমা খাতের সম্প্রসারণের বিপুল সুযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়ায় বীমা সুরক্ষার ঘাটতি এখনও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। সাধারণ বীমা খাতে (প্রপার্টি ও ক্যাজুয়ালটি) এশিয়ায় বীমা প্রবেশের হার মাত্র ১ দশমিক ৩ শতাংশ, যেখানে উত্তর আমেরিকায় তা ৪ দশমিক ৩ শতাংশ। এই ব্যবধান ভবিষ্যতে এ অঞ্চলের বাজার সম্প্রসারণের বড় সম্ভাবনার ইঙ্গিত দেয়।

অ্যালিয়ানজের মতে, আয় বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণির সম্প্রসারণ, জনমিতিক পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও অবসরকালীন সুরক্ষার চাহিদা বৃদ্ধি এবং বিভিন্ন দেশের নীতিগত সংস্কারের ফলে আগামী দশকেও বৈশ্বিক বীমা শিল্পের প্রধান প্রবৃদ্ধির ইঞ্জিন হিসেবে এশিয়ার অবস্থান অটুট থাকবে।#

Facebook Comments Box

Posted ০৮:৪২ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com