|

Advertisement
×

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের এমডি পদে সরকার দেবে মনোনয়ন, নিয়োগ দেবে পর্ষদ

রবিবার, ০২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের এমডি পদে সরকার দেবে মনোনয়ন, নিয়োগ দেবে পর্ষদ

রাষ্ট্রমালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সরকার আর সরাসরি নিয়োগ দেবে না। নতুন নীতিমালা অনুযায়ী, সরকার কেবল প্রার্থী মনোনয়ন দেবে। এরপর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে চূড়ান্ত নিয়োগ দেবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৬ জুলাই ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ জারি করেছে।

বিশেষায়িত ব্যাংকে আগের নিয়মই বহাল:
কৃষি ব্যাংক, রাকাবসহ বিশেষায়িত ছয় ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর এমডি সরকারই নিয়োগ দেবে। তবে তিন ধরনের প্রতিষ্ঠানের ডিএমডি ও জিএম পদে পদোন্নতি, পদায়ন ও বদলি করবে সরকার।

নতুন নীতিমালায় শুধু জ্যেষ্ঠতার পরিবর্তে দক্ষতা, নেতৃত্ব, কর্মসম্পাদন, পেশাগত যোগ্যতা এবং শৃঙ্খলাজনিত রেকর্ডকে মূল্যায়নের ভিত্তি করা হয়েছে। পাশাপাশি প্রধান কার্যালয়, করপোরেট শাখা, নিরীক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতে কাজের অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হবে।

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের এমডি হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনে উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা ৪৫ থেকে ৬৫ বছর এবং চুক্তির মেয়াদ হবে তিন বছর।

১০০ নম্বরের মূল্যায়ন ব্যবস্থা:
ডিএমডি ও জিএম পদে পদোন্নতির জন্য ১০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে। এর মধ্যে বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) ৪০, শিক্ষাগত যোগ্যতায় ১৫, চাকরির অভিজ্ঞতায় ১৫, চাকরির রেকর্ডে ১০, ব্যাংকিং পেশাগত পরীক্ষায় ৫ এবং সাক্ষাৎকারে ১০ নম্বর বরাদ্দ থাকবে।

নীতিমালায় বলা হয়েছে, দুর্নীতি, আর্থিক অনিয়ম, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, গুরুতর শৃঙ্খলাভঙ্গ, অর্থ পাচার বা সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ থাকলে তা পদোন্নতির ক্ষেত্রে নেতিবাচক হিসেবে বিবেচিত হবে।

থাকবে পৃথক মনোনয়ন কমিটি:
এমডি মনোনয়নের জন্য সাত সদস্যের কমিটির প্রধান থাকবেন অর্থমন্ত্রী। আর ডিএমডি ও জিএম পদোন্নতি কমিটির প্রধান থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। কমিটি প্রার্থীদের যোগ্যতা যাচাই, নম্বরভিত্তিক মূল্যায়ন ও সাক্ষাৎকার শেষে সুপারিশ করবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদের মতে, নতুন নীতিমালার মাধ্যমে রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ের নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং অভিন্ন মানদণ্ড নিশ্চিত হবে।

Facebook Comments Box

Posted ০৮:৩২ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com