আব্দুল্লাহ ইবনে মাস্উদ
বুধবার, ২৪ জুলাই ২০১৯ প্রিন্ট ১৫০৫ বার পঠিত
দেশের সব বীমা কোম্পানিতে কল সেন্টার স্থাপনের নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগামী ১৪ আগস্টের মধ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে হটলাইন নম্বর সংগ্রহপূর্বক স্ব-স্ব প্রতিষ্ঠানে কল সেন্টার স্থাপন করতে সার্কুলার পাঠিয়েছে বীমাশিল্পের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত ১৮ জুলাই আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর স্বাক্ষরে পাঠানো ওই সার্কুলারে আরো বলা হয়েছে, বিটিআরসি কর্তৃক প্রদত্ত হটলাইন নম্বর প্রত্যেক বীমাকারী প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব ওয়েবসাইটে প্রদর্শনসহ প্রচারের ব্যবস্থা করতে হবে।
এছাড়া নিজস্ব হটলাইন নম্বরসহ কল সেন্টার স্থাপনের বিষয়টি ২০ আগস্টের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়েছে সার্কুলারে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের বীমা খাতকে জনপ্রিয় এবং এর প্রতি জনমনে আস্থা সৃষ্টি করার উদ্যোগের অভাব রয়েছে। বীমা বিষয়ে জনসাধারণের অনেক জিজ্ঞাসা রয়েছে। জনসাধারণ জানতে চায় যে, তারা কোথায় বীমা করবে, কীভাবে বীমা করবে, কী ধরনের পলিসি ক্রয় করবে, অভিযোগ থাকলে কোথায় ও কীভাবে অভিযোগ করবে, বীমা করলে কী কী সুবিধা পাবে, যথাসময়ে বীমা প্রিমিয়াম পরিশোধ না করলে ও পলিসি সারেন্ডার করলে কী অসুবিধা হবে এবং বীমাদাবি ও অভিযোগ কীভাবে নিস্পত্তি হবে। জনসাধারণের এসব বিষয়ে স্বচ্ছ ও সাবলীল ধারণা প্রদান করতে প্রত্যেক বীমা কোম্পানির কার্যালযে কল সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আইডিআরএ এই ব্যবস্থা গ্রহণ করেছে।
Posted ০২:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com