অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ প্রিন্ট ৪৭ বার পঠিত
জিপে ব্যবহারকারীদের জন্য শামাধান সার্ভিসেসের সঙ্গে অংশীদারত্ব, মিলবে দেশজুড়ে প্রায় ৯ লাখ খুচরা লেনদেনকেন্দ্রে ডিজিটাল আর্থিক সেবার সুবিধা
দেশে প্রথমবারের মতো কো-ব্র্যান্ডেড টাকাপে প্রিপেইড কার্ড চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ডিজিটাল আর্থিক সেবার প্ল্যাটফর্ম জিপের ব্যবহারকারীদের জন্য শামাধান সার্ভিসেস লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এ কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারণ, নগদ অর্থের ব্যবহার কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিপে ই-ওয়ালেট প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবি-জিপে কো-ব্র্যান্ডেড টাকাপে প্রিপেইড কার্ড উন্মোচন করা হয়। নতুন এ কার্ডের মাধ্যমে গ্রাহকেরা বিল পরিশোধ, মার্চেন্ট পেমেন্টসহ বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা নিতে পারবেন।
জিপে প্ল্যাটফর্মটি অনলাইন মার্চেন্টদের সেবা দেওয়ার পাশাপাশি সারা দেশের প্রায় ৯ লাখ খুচরা লেনদেনকেন্দ্রের সঙ্গে সংযুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এর ফলে ভোক্তা ও ব্যবসায়ীরা আরও বিস্তৃত পরিসরে ডিজিটাল আর্থিক সেবার সুযোগ পাবেন।
কার্ডটি সরাসরি গ্রাহকের জিপে ডিজিটাল ওয়ালেটের ব্যালেন্সের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে ওয়ালেটে থাকা অর্থ তাৎক্ষণিকভাবে কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে। দ্রুত ও সহজ লেনদেন নিশ্চিত করতে এতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পয়েন্ট অব সেলে কার্ড স্পর্শ করিয়েই বা ট্যাপ করে মূল্য পরিশোধ করা যাবে।
কার্ডটির আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হলো সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় নিবন্ধন ও সেবা গ্রহণ। গ্রাহকেরা জিপে মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন, কার্ড গ্রহণ ও সক্রিয় করতে পারবেন। এ জন্য ব্যাংকের শাখায় সরাসরি যাওয়ার প্রয়োজন হবে না।
এমটিবি ও শামাধান সার্ভিসেসের এ উদ্যোগে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে কার্ডভিত্তিক পেমেন্ট অবকাঠামোর সংযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল পেমেন্ট সুইচের (এনপিএসবি) সঙ্গে সংযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন পেমেন্ট চ্যানেলে অর্থ ব্যবস্থাপনা, স্থানান্তর ও ব্যয়ের ক্ষেত্রে গ্রাহকেরা আরও নমনীয়তা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, জিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমেদ আরমান সিদ্দিকী এবং শামাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, শামাধান সার্ভিসেস লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে দেশজুড়ে ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়ানো, দৈনন্দিন লেনদেন সহজ করা এবং নগদবিহীন পেমেন্ট ব্যবস্থার ব্যবহার উৎসাহিত করা হবে।
Posted ০২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন