নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৮ বার পঠিত
আগের সপ্তাহের পতনের ধাক্কা কাটিয়ে বিদায়ী সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচকসহ অন্যান্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও টাকার অংকে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি ৭৮ লাখ টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি ৫৫ লাখ টাকা বা দশমিক ১৭ শতাংশ। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৪৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৫৭ কোটি ২৪ লাখ টাকা। সূচকের ক্ষেত্রেও ছিল ইতিবাচক প্রবণতা। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত ডিএসইএস সূচকও ৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১৭০টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। সব মিলিয়ে আগের সপ্তাহের দরপতনের পর বিদায়ী সপ্তাহে লেনদেন, বাজার মূলধন ও মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে কিছুটা ইতিবাচক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে।
Posted ০৬:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com