|

Advertisement
×

পুনর্গঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

পুনর্গঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্গঠিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছরের মধ্যে সীমাবদ্ধ রাখার বিধান আর কার্যকর থাকছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া এসব পর্ষদ প্রয়োজন বিবেচনায় দুই বছর পূর্ণ হওয়ার পরও দায়িত্বে বহাল থাকতে পারবে।

এ বিষয়ে সোমবার (১০ আগস্ট) ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ বাতিলের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) ধারায় থাকা মেয়াদসংক্রান্ত বিধান সাধারণভাবে প্রযোজ্য হবে না। এর ফলে পরিচালনা পর্ষদ বাতিলের পর কেন্দ্রীয় ব্যাংক যে নতুন পর্ষদ গঠন করবে, তার কার্যকাল দুই বছরের বেশি হতে পারবে না—এমন বাধ্যবাধকতা আর থাকছে না।

এর আগে আইনের সংশ্লিষ্ট ধারায় বলা ছিল, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করলে প্রয়োজন অনুসারে ওই আদেশের মেয়াদ বাড়ানো যেতে পারে। তবে ধারাবাহিকভাবে মেয়াদ বাড়ানোর পরও পর্ষদ বাতিলের আদেশের মোট সময়সীমা দুই বছরের বেশি হওয়ার সুযোগ ছিল না।

নতুন সার্কুলারের ফলে এই সর্বোচ্চ দুই বছরের সীমা ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ নিয়োগ করলে পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় ওই পর্ষদকে দুই বছরের পরও দায়িত্বে রাখা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর আর্থিক অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও সংকটে থাকা বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেওয়া এসব পর্ষদের দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসছিল। ফলে মেয়াদ শেষ হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে একটি প্রশাসনিক ও আইনি প্রশ্ন তৈরি হয়েছিল।

এ অবস্থায় নতুন সার্কুলারের মাধ্যমে পর্ষদের মেয়াদসংক্রান্ত দুই বছরের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো। এর ফলে পুনর্গঠিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেল।

Facebook Comments Box

Posted ০৬:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com