বিশেষ প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট ১১১ বার পঠিত
হাজার হাজার কোটি টাকার বকেয়া দাবি, একাধিক জীবন বীমা কোম্পানির আর্থিক দুর্বলতা ও সুশাসনের ঘাটতির মধ্যে বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর হওয়ার বার্তা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনিয়ম বন্ধে আগামী দেড় মাসের মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টায় আইডিআরএর সভাকক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নির্বাহী কমিটির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
সভায় বীমা খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
সভা শেষে আইডিআরএর এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, বিআইএ ও বিআইএফের নির্বাহী কমিটির সঙ্গে অনুষ্ঠিত সভায় বীমা খাতে বিদ্যমান সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা হয়েছে। তবে সভার বিস্তারিত বিষয়ে আইডিআরএর গণমাধ্যম পরামর্শক ও জনসংযোগ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, বীমা খাতকে এগিয়ে নিতে বিআইএ ও বিআইএফের সহযোগিতা চান আইডিআরএ চেয়ারম্যান। একই সঙ্গে জীবন ও সাধারণ বীমা খাতে চলমান বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরা হয়।
সভায় আইডিআরএর সদস্য (লাইফ) আপেল মাহমুদ এবং সদস্য (নন-লাইফ) আবু বকর সিদ্দিক পৃথক দুটি উপস্থাপনার মাধ্যমে জীবন ও সাধারণ বীমা খাতের বিভিন্ন অনিয়ম ও সমস্যা তুলে ধরেন। এসব অনিয়ম বন্ধ করে খাতে শৃঙ্খলা ফেরাতে সংগঠন দুটির সহযোগিতা প্রত্যাশা করেন আইডিআরএ চেয়ারম্যান।
‘আইডিআরএকে এক তথ্য, কোম্পানিতে আরেক তথ্য’:
সভায় বীমা কোম্পানিগুলোর তথ্য ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান চেয়ারম্যান। তিনি বলেন, অনেক কোম্পানি আইডিআরএকে সঠিক তথ্য দিচ্ছে না। কোনো কোনো কোম্পানি ‘ডাবল সার্ভার’ ব্যবহার করছে। আইডিআরএকে এক ধরনের তথ্য দেওয়া হলেও কোম্পানির নিজস্ব ব্যবস্থায় অন্য তথ্য রাখা হচ্ছে।
এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
চেয়ারম্যান বলেন, বীমা খাতকে দুর্নীতি ও ঘুষমুক্ত করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার কোনো কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা না করার জন্যও কোম্পানিগুলোকে সতর্ক করা হয়। কেউ ঘুষ চাইলে তা আইডিআরএকে জানানোর আহ্বান জানান তিনি।
নির্দেশনা না মানলে ব্যবস্থা:
আইডিআরএর সার্কুলার ও চিঠিপত্রকে গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য বীমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়। কোনো নির্দেশনা বাস্তবায়নে সমস্যা থাকলে তার কারণ জানিয়ে আইডিআরএকে অবহিত করার পরামর্শ দেন চেয়ারম্যান।
তিনি বলেন, কোনো চিঠির জবাব না দিয়ে নীরব থাকা যাবে না। নির্দেশনা বাস্তবায়নে অসুবিধা থাকলে সংশ্লিষ্ট কারণ ব্যাখ্যা করে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে।
কমিশন বন্ধ হলেও চলছে নানা কৌশলে:
সাধারণ বীমা খাতে কমিশন বন্ধের পরও বিভিন্ন কৌশলে কমিশন দেওয়ার অভিযোগের বিষয়টি সভায় উঠে আসে।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, কিছু কোম্পানি ভুয়া কর্মকর্তা তৈরি করে বেতনের নামে কমিশন দিচ্ছে। আবার কোথাও অতিরিক্ত খরচ দেখানো হচ্ছে কিংবা বেতন বাড়িয়ে কমিশনের অর্থ পরিশোধ করা হচ্ছে। এসব ফাঁকফোকর বন্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।
পুনর্বীমা দাবি নিয়ে জটিলতা নিরসনের দাবি:
সভায় বিআইএর পক্ষ থেকে সাধারণ বীমা কোম্পানির পুনর্বীমা দাবি-সংক্রান্ত জটিলতা নিরসনে আইডিআরএর উদ্যোগ কামনা করা হয়।
এ ছাড়া বীমা আইন লঙ্ঘন করে যেসব কোম্পানিতে এখনো ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দায়িত্ব পালন করছেন, সেসব কোম্পানিতে নিয়মিত সিইও নিয়োগের উদ্যোগ নিতে বলেন আইডিআরএ চেয়ারম্যান। বীমা দাবি দ্রুত পরিশোধের বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
সংকটের মধ্যে অংশীজনদের সঙ্গে আইডিআরএর বৈঠক:
হাজার হাজার কোটি টাকার বকেয়া দাবি, একাধিক জীবন বীমা কোম্পানির আর্থিক দুর্বলতা, সুশাসনের ঘাটতি এবং নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নে দুর্বলতার মধ্যে আইডিআরএ অংশীজনদের সঙ্গে এ মতবিনিময় সভা করল।
এর আগে ৪ আগস্ট বিআইএ ও বিআইএফকে পাঠানো আইডিআরএর চিঠিতে বীমা খাতের বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনার জন্য সভার আয়োজনের কথা জানানো হয়। এতে দুই সংগঠনের নির্বাহী কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, দীর্ঘদিনের সংকট কাটাতে নিয়ন্ত্রক সংস্থা ও বীমা কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ জরুরি। নতুন নেতৃত্বের অধীনে আইডিআরএর এ উদ্যোগকে খাতের সংস্কারে অংশীজনদের মতামত নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তাঁরা।
Posted ০৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com