|

Advertisement
×

সম্মিলিত ইসলামী ব্যাংকে গেল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সোমবার, ১০ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকে গেল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

একীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের সার্বিক নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল বাংলাদেশ ব্যাংক। এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর এবার তৃতীয় ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হলো।

সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসককেও প্রত্যাহার করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে রোববার চিঠির মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে অবহিত করা হয়েছে। হস্তান্তরের পর ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ ও ব্যবস্থাপনার অধীনে চলে যাবে।

এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হস্তান্তরের মাধ্যমে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের মধ্যে তিনটির নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের হাতে চলে যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বাকি দুটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করে নতুন পর্ষদ ও ব্যবস্থাপনার কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এর মাধ্যমে পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

বিগত সরকারের সময়ে এক্সিম ব্যাংক ছিল নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বাকি ব্যাংকগুলো এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। পরে এসব ব্যাংকে বড় ধরনের আর্থিক অনিয়ম, ঋণ বিতরণে অনিয়ম ও আমানতকারীদের আস্থার সংকট দেখা দেয়।

চরম আর্থিক সংকটের মুখে অন্তর্বর্তী সরকার পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের উদ্যোগ নেয়। নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমা অর্থের বিপরীতে শেয়ারে রূপান্তর করা হচ্ছে।

তবে পাঁচ ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলোর প্রযুক্তিগত ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থা একীভূত করতে আরও কিছু সময় প্রয়োজন হবে। প্রযুক্তিগত সমন্বয় সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরোনো নামেই আন্তর্জাতিক বাণিজ্য ও নস্ট্রো হিসাবের লেনদেন পরিচালিত হচ্ছে।

প্রযুক্তিগত একীকরণ সম্পন্ন হলে পাঁচ ব্যাংকের পৃথক পরিচিতি বিলুপ্ত হয়ে একক নামে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রশাসক প্রত্যাহার করে নতুন পর্ষদ ও ব্যবস্থাপনার কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর একীভূত ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ। ধাপে ধাপে পাঁচটি ব্যাংকের প্রশাসনিক ও প্রযুক্তিগত কাঠামো একীভূত করার মধ্য দিয়ে একটি শক্তিশালী ও সমন্বিত শরিয়াহভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Facebook Comments Box

Posted ০৮:১৩ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com