রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বন্যায় সাড়ে ৬ লাখ কৃষকের ক্ষতি ১২শ কোটি টাকা

রবিবার, ০৪ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৯৫৪ বার পঠিত

বন্যায় সাড়ে ৬ লাখ কৃষকের ক্ষতি ১২শ কোটি টাকা

তিন সপ্তাহের বেশি সময় ধরে চলমান বন্যায় দেশের ৩১ জেলায় সাড়ে ৬ লাখের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এ ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বন্যায় এখন পর্যন্ত ৩১ জেলার প্রায় ১ লাখ ৭২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নষ্ট হয়েছে ৩ লাখ ২৮ হাজার টন বিভিন্ন ধরনের শস্য। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশের। ৫০ হাজার ৬০২ হেক্টর জমিতে আউশের যে ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য প্রায় ২৫২ কোটি টাকা। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯৭ হাজার ১৮৪। এছাড়া ৯৫ হাজার ৫৭০ জন কৃষকের ২৫৯ কোটি ৭০ লাখ টাকার পাট ও ৮৮ হাজার ৪০৮ জন কৃষকের ১৫৪ কোটি ৮৩ লাখ টাকার বোনা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ হাজার ৬৫৫ হেক্টর জমির। এতে ২ লাখ ৫৪ হাজার ৯৮৬ জন কৃষকের মোট ক্ষতির পরিমাণ ১২৬ কোটি টাকা। এছাড়া গ্রীষ্মকালীন সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় এক লাখ কৃষকের ক্ষতির পরিমাণ ২৯০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, পানি অনেকটা ধীরগতিতে নামছে। ফলে বন্যার প্রভাব আরো দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে আমন ও আউশ উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে। এরই মধ্যে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে খুচরা বাজারে বেশকিছু সবজির দামও বেড়ে গেছে। অন্যদিকে পাট উৎপাদন শেষ পর্যায়ে থাকলেও বন্যার পানি নামতে দেরি করলে পাট খাতেও বড় ধরনের ক্ষতির শিকার হতে পারেন কৃষক।

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আক্রান্ত এলাকার কৃষকদের বিনা মূল্যে সার ও বীজ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। এজন্য প্রাথমিকভাবে ১২০ কোটি টাকার অর্থায়ন করা হবে। পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতি খারাপ হলে করণীয় কী হবে, তা নিয়েও প্রস্তুতি রয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মীর নূরুল আলম বলেন, কৃষকদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা বাড়ানোর মাধ্যমে শস্যের ক্ষতি কাটিয়ে ওঠার সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের বিকল্প শস্য আবাদে উৎসাহিত করা হচ্ছে।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে গত মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চল এবং সিলেট ও পার্বত্য চট্টগ্রামের নিচু এলাকায় বন্যা শুরু হয়। পরবর্তী সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চল পেরিয়ে মধ্যাঞ্চলেও বন্যা শুরু হয়। এবারের বন্যায় আক্রান্ত জেলাগুলো হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, নওগাঁ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ।

Facebook Comments Box

Posted ০১:১১ অপরাহ্ণ | রবিবার, ০৪ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com