বিশেষ প্রতিবেদক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৬১ বার পঠিত
নন-লাইফ বীমা জরিপকারীদের লাইসেন্সের মেয়াদ এবং লাইসেন্স ও নবায়ন ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ জন্য নন-লাইফ বীমা জরিপকারী (লাইসেন্সিং) বিধিমালা, ২০১৮ সংশোধনের একটি খসড়া প্রজ্ঞাপন তৈরি করে অংশীজনদের মতামত চেয়েছে সংস্থাটি।
প্রস্তাবিত সংশোধনে জরিপকারীর লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার কথা বলা হয়েছে। ফলে প্রতিবছর লাইসেন্স নবায়নের পরিবর্তে দুই বছর পরপর নবায়ন করতে হবে। একই সঙ্গে নবায়নের সময় আগের এক বছরের পরিবর্তে দুই বছরের জরিপ প্রতিবেদনের বিবরণী জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
তবে মেয়াদ বাড়ানোর পাশাপাশি লাইসেন্স-সংক্রান্ত ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। নতুন লাইসেন্সের ফি ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা, নবায়ন ফি ১ হাজার থেকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের বিলম্ব ফি মাসে ১০০ থেকে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। হারানো বা নষ্ট লাইসেন্সের ডুপ্লিকেটের ফিও ১০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
আইডিআরএ বলছে, সময়ের অপচয় ও প্রশাসনিক ব্যয় কমানো, মূল্যস্ফীতি ও বাজারমূল্যের সঙ্গে সরকারি ফি সমন্বয় এবং প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যেই বিধিমালাটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মূল বিধিমালা ও প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে দেখা গেছে, জরিপকারীদের লাইসেন্সের মেয়াদ ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ২০১৮ সালের মূল বিধিমালার ৭(১) বিধি অনুযায়ী, আইডিআরএ কর্তৃক ইস্যুকৃত একজন জরিপকারীর লাইসেন্সের মেয়াদ ছিল ১ বছর। কিন্তু নতুন খসড়ায় জরিপকারীদের সময়ের অপচয় ও প্রশাসনিক জটিলতা কমাতে এই মেয়াদ বাড়িয়ে ২ বছর করার প্রস্তাব করা হয়েছে।
এর ফলে এখন থেকে প্রতি বছর নবায়নের পরিবর্তে প্রতি দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করলেই চলবে।
Posted ০৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com