নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ প্রিন্ট ১৪০ বার পঠিত
অর্ধ-সত্য পরিসংখ্যান দিলে সরকারের জন্য ইতিবাচক হবে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিধিমালা সংশোধন করার মাধ্যমে বিবিএসকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। পরিসংখ্যান ব্যুরো’র সংস্কারের জন্য টাস্কফোর্স যে প্রতিবেদন দিয়েছে তা আজ থেকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। সংস্কারের মাধ্যমে পরিসংখ্যান ব্যুরো স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে আমি মনে করি।’
বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন উপলক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সার্বিক সহযোগিতায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান ব্যুরো’র পরিচালক কবির উদ্দীন আহমেদ। প্যানেল আলোচনায় অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান ও বাংলাদেশ পরিসংখ্যান এসোসিয়েশনের সভাপতি ড: সৈয়দ শাহাদত হোসেন। প্যানেল আলোচনা পর্ব সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দীপংকর রায়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আধুনিক করতে পরিকল্পনা মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করে দেয় কয়েকমাস আগে। সেই রিপোর্টের ভিত্তিতে এখন পরিকল্পনা বাস্তবায়ন এগিয়ে চলছে। আগে কোন তথ্য প্রকাশ করতে সরকারের অনুমতি লাগত কিন্তু নতুন সংস্কারের পর পরিসংখ্যান ব্যুরো তথ্য প্রকাশের স্বাধীনতা পাচ্ছে অর্থাৎ কোন তথ্য প্রকাশ করতে আর কারো অনুমতি লাগবে না বলে জনগণ ও গণমাধ্যম দ্রুত তথ্য পাবে বলে সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন। তবে তথ্য যেন মানসম্মত হয় এবং আন্তর্জাতিক মানের হয় সে বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য সেমিনারে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড: হোসেন জিল্লুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড: আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।
বিশেষ অতিথি হোসেন জিল্লুর রহমান তাঁর বক্তব্যে বলেন, সময়ের সাথে সাথে পরিসংখ্যান সমাজের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। গত পাঁচ দশকে এ ক্ষেত্রের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তবে একই সঙ্গে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্নও উত্থাপিত হয়েছে যার কিছু হয়তো যৌক্তিক, আবার কিছু প্রশ্ন এসেছে ভুল ধারণা বা প্রেক্ষাপটের সীমাবদ্ধতা থেকে।
সমাপনি বক্তব্যে সচিব আলেয়া আক্তার বলেন, ‘আমরা এবারই প্রথম বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস একসঙ্গে পালন করছি, তাই এ অনুষ্ঠান সফল করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। তবে সবার উপস্থিতিতে অনুষ্ঠান সফল হয়েছে বলে আমি মনে করি।’
জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে দ্বিতীয়বারের মতো একযোগে পালিত হচ্ছে দিবসটি। বাংলাদেশেও দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’। ২০১০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২০ অক্টোবরকে ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ হিসেবে ঘোষণা দেয়া হয়। সিদ্ধান্ত হয়, পাঁচ বছর পর পর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো এ দিবস পালন করবে।
সে লক্ষ্যে এ বছর বিশ্ব পরিসংখ্যান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতি সম্মিলিতভাবে কর্মসূচি গ্রহণ করে।
Posted ০২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন