অনলাইন ডেস্ক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ৭৫ বার পঠিত
মেয়াদ শেষ হওয়ার পরও বীমার টাকা না পাওয়া, মেয়াদোত্তীর্ণ চেক নিয়ে ব্যাংকে ঘুরেও অর্থ না পাওয়া এবং পাওনা অর্থ থেকে এফডিআর বাবদ টাকা কেটে নেওয়ার অভিযোগ তুলে সানলাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন গ্রাহক ও মাঠকর্মীরা। তাঁদের দাবি, কোম্পানিটির কাছে গ্রাহকদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে।
এসব পাওনা দ্রুত পরিশোধের দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক গ্রাহক ও মাঠকর্মী। পরে তাঁরা আইডিআরএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, বীমা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে গ্রাহকদের প্রায় ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকার দাবি পরিশোধ করেছে। তবে সানলাইফ ইন্স্যুরেন্সের সাধারণ গ্রাহকেরা দীর্ঘদিন ধরে তাঁদের পাওনা না পেয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।
গ্রাহক ও মাঠকর্মীদের অভিযোগ, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর সানলাইফ ইন্স্যুরেন্স ২৪৩ জন গ্রাহকের বীমা দাবি পরিশোধ করে। তবে এর বড় একটি অংশ মামলা কিংবা মালিকপক্ষের বিশেষ সুপারিশের ভিত্তিতে পরিশোধ করা হয়েছে বলে দাবি তাঁদের। সাধারণ গ্রাহকদের বকেয়া দাবি এখনো পরিশোধ করা হয়নি বলেও তাঁরা অভিযোগ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, তাঁদের হাতে থাকা প্রায় ৬ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ চেক ব্যাংকে জমা দিয়েও অর্থ পাওয়া যাচ্ছে না। আবার অনেক গ্রাহকের অনুমতি ছাড়া তাঁদের বীমা দাবির অর্থ থেকে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত এফডিআর বাবদ কেটে নেওয়া হয়েছে। কিন্তু বাকি পাওনা অর্থের চেকও দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
গ্রাহকদের আরও অভিযোগ, কোম্পানির বর্তমান প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা (সিএফও) রফিকুল ইসলাম দায়িত্বে থাকার পরও পাওনা পরিশোধের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হচ্ছে না। বিভিন্ন সময়ে নতুন তারিখ দেওয়া হলেও নির্ধারিত সময়ে টাকা পাওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের।
Posted ০৯:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com