নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ প্রিন্ট ১২ বার পঠিত
স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাজিদ হোসেনের নিয়োগ প্রস্তাব নামঞ্জুর করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা পূরণ না হওয়া সত্ত্বেও তাকে সিইও পদে নিয়োগের প্রস্তাব পাঠানোর বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইডিআরএর লাইফ অনুবিভাগের পরিচালক (লাইফ) ও উপসচিব দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, স্বদেশ ইসলামী লাইফ গত ২৮ জুন মো. সাজিদ হোসেনকে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের অনুমোদন চেয়ে আবেদন করে। আবেদন পর্যালোচনায় দেখা যায়, তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর তৃতীয় শ্রেণি। কিন্তু বীমা কোম্পানি (মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ) প্রবিধানমালা, ২০১২ (সংশোধনীসহ) অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার শর্ত তিনি পূরণ করেন না।
এ কারণে আইডিআরএর ২০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী মো. সাজিদ হোসেনের নিয়োগ প্রস্তাব অনুমোদন না দিয়ে তা নামঞ্জুর করা হয়েছে।
একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাটি স্বদেশ ইসলামী লাইফকে নির্দেশ দিয়েছে, প্রবিধানমালা অনুযায়ী যোগ্য একজন প্রার্থী নির্বাচন করে দ্রুততম সময়ের মধ্যে নতুন করে সিইও নিয়োগের প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠাতে।
অপর এক চিঠিতে আইডিআরএ জানতে চেয়েছে, শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও কী কারণে মো. সাজিদ হোসেনের নিয়োগ প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে কোম্পানির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম, আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতা এবং অনুমোদনবিহীন বীমা পলিসি বিক্রির অভিযোগে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর নিবিড় নজরদারির মধ্যে রয়েছে।
Posted ০৭:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com