|

Advertisement
×

সমৃদ্ধির জন্য উদ্ভাবন-গবেষণায় মনোযোগ দিতে হবে: জন প্রশাসন সচিব

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ১৩১ বার পঠিত

সমৃদ্ধির জন্য উদ্ভাবন-গবেষণায় মনোযোগ দিতে হবে: জন প্রশাসন সচিব

বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে আরও ত্বরান্বিত করতে হলে উদ্ভাবন ও গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসান খলিলুর রহমান। তিনি বলেন, ‘বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জাতীয় পর্যায়ে উদ্ভাবনমূলক কর্মকাণ্ড ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার প্রসার ঘটাতে পারলেই টেকসই উন্নয়নের পথ আরও মজবুত হবে।’

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৪তম জাতীয় কাউন্সিল সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিবেদন ও কর্মদক্ষতা জাতীয় উন্নয়নের ভিত্তি মজবুত করেছে। তিনি আরও বলেন, “বিভিন্ন প্রকৌশল খাতের আধুনিকীকরণে উদ্ভাবনী মনোভাব অপরিহার্য। এজন্য গবেষণা ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও জানান, প্রাথমিকভাবে দেশে প্রতিটি প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানকে গবেষণা ও উদ্ভাবনমুখী কার্যক্রমে যুক্ত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “প্রকৌশল শিক্ষার্থীদেরকে শুধু প্রযুক্তি নয়, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণে গুণান্বিত হতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী সাঈদ আহমেদ হোসেন। আলোচনায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা আরও শক্তিশালী করতে সরকারী-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, সভায় দেশের ৬১টি জেলা শাখা থেকে আইডিইবি’র নেতৃবৃন্দ অংশ নেন। জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে শিক্ষা, বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবন খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com