|

Advertisement
×
সুইস রি’র প্রতিবেদন

সাইবার হামলার ঝুঁকি বাড়লেও বীমার বাইরে অনেক প্রতিষ্ঠান

রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৬ বার পঠিত

সাইবার হামলার ঝুঁকি বাড়লেও বীমার বাইরে অনেক প্রতিষ্ঠান

প্রযুক্তিনির্ভরতা যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার হামলার ঝুঁকি। কিন্তু সেই ঝুঁকির তুলনায় বীমা সুরক্ষা এখনো যথেষ্ট নয়। বিশেষ করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের বড় একটি অংশ এখনো সাইবার বীমার বাইরে। আবার বড় প্রতিষ্ঠানের অনেকগুলোর বীমা সুরক্ষার সীমাও সম্ভাব্য ক্ষতির তুলনায় কম।

পুনর্বীমা প্রতিষ্ঠান সুইস রি’র সর্বশেষ প্রতিবেদনে সাইবার বীমা খাতের এই চিত্র উঠে এসেছে।

সুইস রি’র হিসাবে, ২০২৬ সালে বিশ্বে সাইবার বীমার প্রিমিয়াম দাঁড়াতে পারে ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে। ২০২২ সালের পর থেকে বাজারটি বছরে গড়ে প্রায় ৫ শতাংশ হারে বাড়ছে। তবে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি বাড়লেও বীমা বাজারের বিস্তার সব অঞ্চলে সমান নয়। উত্তর আমেরিকা এখনো সবচেয়ে বড় বাজার, যেখানে বিশ্বের মোট সাইবার বীমা প্রিমিয়ামের প্রায় ৬৫ শতাংশ রয়েছে। ইউরোপের অংশ ২১ শতাংশ এবং এশিয়া-প্যাসিফিকের মাত্র ১০ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাইবার ঝুঁকির নতুন কোনো ধরন তৈরি করার চেয়ে বিদ্যমান ঝুঁকিগুলোকে আরও জটিল করে তুলছে। সাইবার অপরাধীরা এআই ব্যবহার করে দ্রুত দুর্বলতা খুঁজে বের করা, হামলার প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা এবং আরও কার্যকর ফিশিং আক্রমণ চালানোর সুযোগ পাচ্ছে।

অন্যদিকে প্রতিষ্ঠানগুলোও এআই ব্যবহার করছে সাইবার হুমকি শনাক্ত ও হামলার পর দ্রুত প্রতিক্রিয়া জানাতে। এআই-সম্পর্কিত বীমা দাবি এখনো খুব বেশি নয়। তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি কীভাবে বাড়ে এবং বিদ্যমান বীমা পলিসি এসব ক্ষতি কতটা বহন করবে, সেদিকে নজর রাখতে হবে বলে মনে করছে সুইস রি।

বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও পর্যাপ্ত বীমা সুরক্ষার অভাব উদ্বেগের কারণ হয়ে উঠছে। বড় ধরনের র‍্যানসমওয়্যার হামলা বা তথ্য চুরির ঘটনায় ব্যবসা বন্ধ থাকা, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা পুনরুদ্ধার, সরবরাহব্যবস্থায় বিঘ্ন এবং আয় কমে যাওয়াসহ নানা কারণে ক্ষতির পরিমাণ দ্রুত বাড়তে পারে।

সুইস রি’র হিসাবে, গত পাঁচ বছরে গড়ে প্রায় ১০টি বড় সাইবার ক্ষতির ঘটনা এমন ছিল, যেখানে ক্ষতির পরিমাণ প্রচলিত বীমা সীমার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। বড় কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঝুঁকির ধরন অনুযায়ী বর্তমান বীমা সুরক্ষার সীমা বাড়ানোরও প্রয়োজন হতে পারে।

তবে সবচেয়ে বড় সুরক্ষাঘাটতি রয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে। সুইস রি’র হিসাবে, মাইক্রো ও ক্ষুদ্র-মাঝারি প্রতিষ্ঠানের বড় অংশই এখনো সাইবার বীমার আওতার বাইরে। অথচ শুধু এই খাত থেকেই ২০২৬ সালে প্রায় ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্ভাব্য প্রিমিয়াম বাজার তৈরি হতে পারে।

Facebook Comments Box

Posted ০৭:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com