অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
সায়মা ওয়াজেদের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশন ও বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, কমিশনের দুই কর্মকর্তা বুধবার পৃথক আবেদন করেন। বৃহস্পতিবার আদালত সেগুলোর ওপর আদেশ দিয়েছেন।
গত বুধবার সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। আবেদনে অভিযোগ করা হয়, ফাউন্ডেশনটি ২০১৫-১৬ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমার নথি তৈরি করেছে। এসব নথির ভিত্তিতে নিরীক্ষা প্রতিবেদনে আয়কর খরচ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের করা মামলার অভিযোগ অনুযায়ী, সূচনা ফাউন্ডেশনের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা এবং ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এসব লেনদেনকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছে কমিশন।
আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফাউন্ডেশন প্রতিষ্ঠার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।
এর আগে ২০২৫ সালের ৪ মার্চ আদালত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন।
অন্যদিকে, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক খায়রুল হাসান।
আবেদনে বলা হয়, শম্ভুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক। মামলার তদন্তে তাঁর আয়-ব্যয়ের হিসাবের সত্যতা যাচাই এবং তাঁর মালিকানায় অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ কারণে তাঁর আয়কর নথি জব্দ করে পর্যালোচনার আবেদন জানানো হয়।
Posted ০৭:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন