অনলাইন ডেস্ক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১২১ বার পঠিত
হাতে জীবনবৃত্তান্ত, চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন—এভাবেই সকাল থেকেই তরুণদের পদচারণায় মুখর হয়ে ওঠে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাস। দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ এবং ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা—সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে দিনব্যাপী ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।
শনিবার (৩ অক্টোবর) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এ ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (CCPC) আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা হেরিট্যাজ ও জেসিআই ঢাকা ইমপ্যাক্ট।
ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরিফ নাফে আস-সাবের।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এক্সপোতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই নিজেদের জীবনবৃত্তান্ত হাতে নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। কেউ সরাসরি সিভি জমা দেন, আবার কেউ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে খোঁজ নেন।
ক্যাম্পাসজুড়ে স্থাপিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে বিশেষ করে নতুন চাকরিপ্রত্যাশী ও ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সরাসরি মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা, সম্ভাবনা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পান।
আয়োজকদের মতে, শুধু চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ তৈরি নয়, শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে কর্মবাজারের চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়াও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এর ফলে তরুণরা নিজেদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় আরও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন।
দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একদিকে যেমন সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করেছে, অন্যদিকে তেমনি পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিতেও নতুন দিকনির্দেশনা দিয়েছে।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Animator Alif
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন