|

Advertisement
×

স্বদেশ ইসলামী লাইফকে কঠোর নির্দেশনা আইডিআরএর

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৭৭ বার পঠিত

স্বদেশ ইসলামী লাইফকে কঠোর নির্দেশনা আইডিআরএর

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন ছাড়া বীমা পলিসি বিক্রি বন্ধ করতে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৩ সাল থেকে বকেয়া থাকা দায় মূল্যায়ন প্রতিবেদন আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এবং হালনাগাদ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নির্ধারিত সময়ে এসব প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হলে কোম্পানিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আইডিআরের রিপোর্ট, রিটার্ন ও অডিট শাখা থেকে গত ১৭ আগস্ট স্বদেশ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন আইডিআরের পরিচালক রকিবুর রহমান খান।

চিঠিতে বলা হয়, গত ২৩ জুলাই স্বদেশ ইসলামী লাইফের কার্যক্রম নিয়ে আইডিআরের সঙ্গে একটি গভর্ন্যান্স রিভিউ সভা অনুষ্ঠিত হয়। সভার পর কোম্পানিটির কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয়নি।

বিশেষ করে ২০২৩ সাল থেকে কোম্পানির দায় মূল্যায়ন প্রতিবেদন দাখিল না করার বিষয়ে দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দায় মূল্যায়ন প্রতিবেদন বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আইডিআরএ।

এ ছাড়া কোম্পানির আর্থিক নিরীক্ষা সম্পন্ন করে হালনাগাদ প্রতিবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইডিআরের কাছে দাখিল করতে বলা হয়েছে। এ ক্ষেত্রেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, আইডিআরের পূর্বানুমোদন ছাড়া কোম্পানিটি যেসব বীমা পলিসি বাজারজাত ও বিক্রি করছে, সেগুলো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পলিসি বিক্রি বন্ধের তারিখ উল্লেখ করে লিখিতভাবে আইডিআরএকে জানাতে বলা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট বীমা আইন লঙ্ঘনের অভিযোগে স্বদেশ ইসলামী লাইফকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল আইডিআরএ। অনুমোদন ছাড়া বীমা পলিসি বাজারজাত ও বিক্রি, ২০২৪ ও ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ে দাখিল না করা এবং ২০২৩ সালের পর থেকে দায় মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয় ওই নোটিশে।

নোটিশে বীমা আইন, ২০১০-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে কোম্পানিটির বিরুদ্ধে কেন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

আইডিআরএ জানিয়েছিল, নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে অথবা কোম্পানির দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে বীমা আইন, ২০১০ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী স্বদেশ ইসলামী লাইফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ০৯:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com