|

Advertisement
×

স্বদেশ লাইফে আসলামকে সিইও নিয়োগ নিয়ে আইডিআরএতে আপত্তি

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৪৪ বার পঠিত

স্বদেশ লাইফে আসলামকে সিইও নিয়োগ নিয়ে আইডিআরএতে আপত্তি

স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. আসলামকে নিয়োগের সিদ্ধান্ত নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে আপত্তি জানিয়েছেন কোম্পানিটির সাবেক সিইও জাহাঙ্গীর আলম মোল্লা।

১৬ সেপ্টেম্বর আইডিআরএর চেয়ারম্যানের কাছে দেওয়া এক আবেদনে তিনি অভিযোগ করেন, কোম্পানির কয়েকজন অপসারিত পরিচালক কোনো আইনানুগ নোটিশ ছাড়াই গত ২৪ আগস্ট কথিত ৫৩তম বোর্ড সভা আয়োজন করে মো. আসলামকে সিইও নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

ওই সভার নোটিশ বা এর কোনো অনুলিপি আইডিআরএকে দেওয়া হয়নি বলেও আবেদনে দাবি করা হয়েছে।

জাহাঙ্গীর মোল্লার দাবি, সভায় সভাপতিত্ব করা মাকছুদুর রহমানসহ ছয়জন পরিচালককে ২০২৪ সালের ৪ জানুয়ারি আইডিআরএর একটি স্মারকের মাধ্যমে পরিচালক পদ থেকে অপসারণ করা হয়েছিল। ফলে তাঁদের পরিচালক পদে বহাল থাকা নিয়ে প্রশ্ন থাকা অবস্থায় ওই সভায় নেওয়া সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি আবেদনে উল্লেখ করেন।

অপসারিত অন্য পাঁচ পরিচালক হলেন-এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে মো. শহিদুল আহসান, ফারাহ আহসান, শামসুন্নাহার রহমান, মদিনাতুন নাহার ও মো. মারজানুর রহমান।

আবেদনে বলা হয়, কোম্পানির পরিশোধিত মূলধনের বিপরীতে এনআরবিসি ব্যাংক থেকে ১৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগে এসব পরিচালককে অপসারণ করা হয়েছিল। বীমা আইন, ২০১০-এর ২১(২) ধারায় পরিশোধিত মূলধন দায়মুক্ত রাখার বিধান রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

তবে পরিচালক পদ থেকে অপসারণের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ২৩৭৮/২০২৪ বিচারাধীন রয়েছে বলে আবেদনে জানানো হয়েছে।

নিজের বিষয়ে জাহাঙ্গীর মোল্লা বলেন, তৎকালীন পরিচালনা পর্ষদ তাঁকে সিইও পদ থেকে বরখাস্ত করলে তিনি হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১৬৩৯৫/২০২৩ দায়ের করেন। শুনানি শেষে আদালত তাঁর বরখাস্তের আদেশ স্থগিত করেন বলে আবেদনে দাবি করা হয়েছে। মামলাটি এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন যে, তার পক্ষে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে মাকছুদুর রহমান চেম্বার কোর্টে যে লিভ টু আপিল দায়ের করেন তখন তিনি চেয়ারম্যান ছিলেন না, তখন তিনি অর্থ আত্মসাতের অভিযোগে আইডিআরএ কর্তৃক অপসারিত ছিলেন অথচ তিনি চেয়ারম্যান পরিচয় দিয়ে উচ্চ আদালতে আবেদন করেন।

তার আবেদনের সঙ্গে হাইকোর্টের পূর্বানুমোদন ছাড়া জাহাঙ্গীর আলম মোল্লাকে তার পদ থেকে অপসারণ থেকে বিরত থাকার নির্দেশনা মানতে ২০২৪ সালের ৩ জানুয়ারি স্বদেশ লাইফকে লেখা আইডিআরএর একটি চিঠির অনুলিপিও সংযুক্ত করা হয়।

এই অবস্থায় নতুন করে সিইও নিয়োগের সিদ্ধান্ত আদালতের ওই স্থগিতাদেশের সঙ্গে সাংঘর্ষিক কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সিইও নিয়োগের বিষয়ে বীমা আইন, ২০১০-এর ৮০(২) ধারার উল্লেখ করে জাহাঙ্গীর মোল্লা বলেন, পরিচালনা পর্ষদকে প্রথমে আইডিআরএর কাছে প্রস্তাব পাঠাতে হয় এবং কর্তৃপক্ষের পূর্বানুমোদনের পরই সিইও নিয়োগ চূড়ান্ত করার সুযোগ রয়েছে।

তাঁর অভিযোগ, আইডিআরএর পূর্বানুমোদন ছাড়া এবং কথিত বোর্ড সভার বৈধতা নিয়ে প্রশ্ন থাকা অবস্থায় মো. আসলামকে সিইও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনে ২৪ আগস্টের বোর্ড সভার বৈধতা যাচাই, মো. আসলামকে সিইও নিয়োগের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট পত্র বাতিল এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com