কামারুন-নাহার-মুকুল
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ প্রিন্ট ৩৪ বার পঠিত
আজ ৩১ আগস্ট, আলহাজ গিয়াসউদ্দিন আহামেদের মৃত্যুবার্ষিকী। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে যাদের অগ্রণী ভূমিকা ছিল তাদের মধ্যে তিনি একজন। তিনি পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং পূবালী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা। আশির দশকে শেয়ারবাজারে যে কয়জন সম্পৃক্ত ছিলেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। আলহাজ গিয়াসউদ্দিন আহামেদ সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবেও বিশেষভাবে পরিচিত।
পাটশিল্প বিকাশেও তার ভূমিকা অনস্বীকার্য। মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে পাট ব্যবসার মাধ্যমে শুরু করেন কর্মজীবন। তিনি ৫৩ বছর ধরে বাংলাদেশের পাট ব্যবসাকে উজ্জীবিত করে রেখেছিলেন। ১৯৯৫-৯৬ এবং ২০০৯-১০ অর্থবছরে পাট রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেন। দেশ স্বাধীনের পূর্ব থেকেই তিনি পাট ব্যবসার পাশাপাশি ব্যাংক-বীমা ব্যবসায়ও সম্পৃক্ত ছিলেন। ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থানের কথা ভেবে পিপলস্ ইন্স্যুরেন্সের কয়েকজন সহযোগী নিয়ে ২০০০ সালে তিনি প্রতিষ্ঠা করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ২৫ বছর ছিলেন তিনি পূবালী ব্যাংক লিমিটেড ডিরেক্টর। কর্মজীবনে তিনি ছিলেন খুবই পরিশ্রমী, সৎ এবং নিষ্ঠাবান।
তিনি গোপনে দান করতে পছন্দ করতেন; জীবনযাপন ছিল অতি সাধারণ। গিয়াস উদ্দিন আহামেদ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী বহুমুখী প্রতিভায় ভাস্বর এই ব্যক্তিত্ব কাজের মধ্যেই ডুবে থাকতেন; শরীরে মরণ ব্যাধি ক্যান্সার রোগটা যে বাসা বেঁধেছে- তাও ছিল তার অজানা। ২০১০ সালের ৩১ আগস্ট ইন্তেকাল করেন তিনি। নিজ জন্মভূমির মাটিতে চির নিদ্রায় শায়িত আছেন প্রয়াত মা-বাবার কবরের পাশেই। ইকনোমিক মিডিয়া অ্যাসোসিয়েশন ২০১৯ সালের ১১ মার্চ তাকে গুণীজন সম্মাননা (মরণোত্তর) প্রদান করে।
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com