|

Advertisement
×

অবশেষে খুলছে বাংলাদেশ ব্যাংকের ফ্রিজ থাকা ৫৩২ লকার

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

অবশেষে খুলছে বাংলাদেশ ব্যাংকের ফ্রিজ থাকা ৫৩২ লকার

দীর্ঘ দেড় বছর পর অবশেষে খুলতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নামে থাকা ৫৩২টি সেফ ডিপোজিট লকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিদ্ধান্তের পর এসব লকার অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দুদকের মামলার আসামি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার ফ্রিজই থাকবে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নামে সেফ ডিপোজিটে থাকা সিলগালাকৃত বক্স ও প্যাকেট সাময়িকভাবে ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য লকার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই নিষেধাজ্ঞা বহাল ছিল।

পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের লকার ফ্রিজ রেখে অন্য কর্মকর্তা-কর্মচারীদের লকার অবমুক্ত করার জন্য দুদকের কাছে অনুরোধ জানায়। কেন্দ্রীয় ব্যাংকের ওই আবেদনের পর বিষয়টি পর্যালোচনা করে ৫৩২ জনের লকার অবমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক (মানিলন্ডারিং-অতিরিক্ত দায়িত্ব) মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত একটি চিঠিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, কমিশনের এক স্মারকের মাধ্যমে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নামে সেফ ডিপোজিটে রক্ষিত সিলগালাকৃত বক্স ও প্যাকেট সাময়িক সময়ের জন্য ফ্রিজ করার অনুরোধ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য লকার সুবিধা বন্ধের নির্দেশ দেন। ওই সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে।

এরপর ২০২৫ সালের ৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক দুদককে চিঠি দিয়ে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের লকার ফ্রিজ রেখে অন্য কর্মকর্তা-কর্মচারীদের লকার অবমুক্ত করার অনুরোধ জানায়।

বিষয়টি পর্যালোচনার পর দুদক সিদ্ধান্ত নেয়, কমিশনের দায়ের করা মামলার আসামি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো তালিকায় থাকা ৫৩২ জনের লকার অবমুক্ত করা হবে।

দুদকের চিঠিতে বলা হয়েছে, কমিশনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সিতাংশু কুমার সুর চৌধুরীর লকার ছাড়া বাংলাদেশ ব্যাংকের পাঠানো তালিকাভুক্ত ৫৩২ জনের লকার অবমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে প্রায় দেড় বছর ধরে ফ্রিজ থাকা শত শত কর্মকর্তা-কর্মচারীর সেফ ডিপোজিট লকার ব্যবহারের জট খুলতে যাচ্ছে। তবে নতুন করে কর্মকর্তা-কর্মচারীদের লকার সুবিধা চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগের সামগ্রিক নিষেধাজ্ঞা বহাল থাকবে।

অর্থাৎ, বর্তমানে বিদ্যমান ও ফ্রিজ থাকা তালিকাভুক্ত ৫৩২টি লকার অবমুক্ত করা হলেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন করে লকার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

Facebook Comments Box

Posted ০৭:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com