|

Advertisement
×

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

বুধবার, ১১ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩০ বার পঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। অনুসন্ধানের শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচার করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিটটি করেন আসিফ মাহমুদ। এতে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া দুটি সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। গত ৪ নভেম্বর শুনানি শেষে আদালত আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছিলেন।

রিট আবেদনে অনুসন্ধানাধীন কোনো বিষয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে প্রচারিত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে সমান গুরুত্ব দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়েছে। রিটে দুদক চেয়ারম্যান, কমিশনের জনসংযোগ শাখার উপপরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। তবে অনুসন্ধানের শুরুতেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আইনগত এখতিয়ার দুদকের নেই বলে দাবি করেন রিটকারী।

রিটে আরও উল্লেখ করা হয়, ৯ সেপ্টেম্বর দুদকের সচিব গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওই বক্তব্যকে ‘মুখ ফসকে বলা’ বলে ব্যাখ্যা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রত্যাহার করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

এরপর ১০ সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠানো হলেও ১৩ সেপ্টেম্বর দুদক আবার সংবাদ সম্মেলন করে। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলা প্রশাসক পদায়ন, ওয়াসা, এলজিইডি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র ও বিদেশে অর্থপাচারসহ নানা অভিযোগ তুলে ধরা হয়। এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে রিটে দাবি করেন আসিফ মাহমুদ।

রিট আবেদনে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব বাতিলের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কার্যকর হয়েছিল। অন্যদিকে, ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি কার্যকর হয় ২০২৬ সালের ১১ মে। অথচ আসিফ মাহমুদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ২০২৫ সালের ১১ ডিসেম্বর। ফলে পদত্যাগের প্রায় পাঁচ মাস পর কার্যকর হওয়া ওই পদোন্নতিতে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ বাস্তবসম্মত নয় বলে রিটে উল্লেখ করা হয়।

রিটে আরও দাবি করা হয়, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর তাঁর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করা এবং ‘মিডিয়া ট্রায়াল’ চালানোর উদ্দেশ্যে এসব সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ধরনের বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকের আইনগত সুরক্ষা, মর্যাদা ও সুনামের অধিকারের পাশাপাশি দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এর পরিপন্থি বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১২ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com