নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ প্রিন্ট ১১ বার পঠিত
ব্যাংকের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীরা কেন বহন করবেন- এমন প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি করেছেন একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা। তাদের দাবি, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ কিংবা ব্যবস্থাপনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও নিজেদের কষ্টার্জিত অর্থ হারানোর ঝুঁকিতে পড়েছেন তারা।
এ পরিস্থিতিতে আগের বিনিয়োগের বিপরীতে সমপরিমাণ শেয়ার অথবা অভিহিত মূল্য ফেরত এবং আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীরা।
এ দাবিতে বুধবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাত দফা দাবি সংবলিত একটি আবেদন জমা দিয়েছে একীভূত পাঁচটি ব্যাংক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ফোরাম (এমএফবিএআইএফ)। আবেদনের অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছেও পাঠানো হয়েছে। একই আবেদন বাংলাদেশ ব্যাংকেও পাঠানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি ও এক্সিম ব্যাংক পিএলসি। এই পাঁচ ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।
ফোরামের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের আর্থিক স্বার্থ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসব ব্যাংকের অনেক বিনিয়োগকারী অবসরপ্রাপ্ত ব্যক্তি, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সীমিত আয়ের মানুষ। পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা এবং দীর্ঘদিনের সঞ্চয় সুরক্ষিত রাখার প্রত্যাশায় তারা ব্যাংকগুলোর শেয়ার কিনেছিলেন। কিন্তু একীভূতকরণের পর নিজেদের বিনিয়োগের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তাদের আর্থিক ও মানসিক সংকটে ফেলেছে।
আবেদনে বিনিয়োগকারীরা উল্লেখ করেছেন, ব্যাংকগুলোর পরিচালনা, ঋণ বিতরণ, অর্থ আত্মসাৎ কিংবা ব্যবস্থাপনাগত কোনো সিদ্ধান্তের সঙ্গে সাধারণ শেয়ারহোল্ডারদের সম্পৃক্ততা ছিল না। প্রচলিত আইন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারবাজারের ব্যবস্থার ওপর আস্থা রেখেই তারা বিনিয়োগ করেছিলেন। ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অনিয়ম ও অব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপানো উচিত নয়।
ফোরামের মতে, ব্যাংকের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের দায় নির্ধারণ না করে সাধারণ মানুষের বিনিয়োগের অধিকার ক্ষুণ্ন করা ন্যায়বিচারের পরিপন্থি। একীভূতকরণ ও পুনর্গঠনের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের আগের বিনিয়োগের অধিকার কীভাবে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
সাত দফা দাবি
ফোরামের সাত দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একীভূত হওয়ার আগে পাঁচ ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় থাকা শেয়ারের সংখ্যা ও অভিহিত মূল্য বিবেচনায় নিয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সমপরিমাণ শেয়ার বরাদ্দ দেওয়া। বিকল্প হিসেবে আগের বিনিয়োগের সমপরিমাণ অভিহিত মূল্য ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া দীর্ঘদিনের বিনিয়োগ, অর্থের সময়মূল্য এবং বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে একটি যুক্তিসংগত ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণার দাবি রয়েছে তাদের।
ফোরামের অন্য ছয়টি দাবি হলো
১. সাধারণ বিনিয়োগকারীদের আর্থিক স্বার্থ ও বিনিয়োগ সুরক্ষায় সরকার এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সুরক্ষাব্যবস্থা গ্রহণ।
২. একীভূত পাঁচ ব্যাংকের সম্পদ ও দায়, খেলাপি ঋণ, অর্থ আত্মসাৎ এবং আর্থিক অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও স্বাধীন নিরীক্ষা পরিচালনা।
৩. প্রত্যেক বিনিয়োগকারীর প্রকৃত শেয়ারসংখ্যা, ক্রয়মূল্য ও অভিহিত মূল্য যাচাই করে একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা তৈরি।
৪. সরকার, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সমন্বয়ে গঠিত কমিটি কিংবা নীতিনির্ধারণী আলোচনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ফোরামের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা।
৫. ক্ষতিপূরণ ও বিনিয়োগকারীদের পাওনা নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের সময়সীমা ঘোষণা।
৬. বিনিয়োগকারীদের পাওনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের শেয়ার মালিকানার তথ্য ও সংশ্লিষ্ট প্রমাণপত্র সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
ফোরামের নেতারা আবেদনে বলেছেন, ব্যাংকগুলোর আর্থিক অনিয়ম ও ব্যবস্থাপনাগত ব্যর্থতার দায় নির্ধারণের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তাদের বিনিয়োগের প্রকৃত হিসাব যাচাই করে ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সাধারণ বিনিয়োগকারীদের দাবি, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় তাদের বিনিয়োগের অধিকার যেন উপেক্ষিত না হয়। দীর্ঘদিনের সঞ্চয় ও কষ্টার্জিত অর্থের সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো দ্রুত সুস্পষ্ট সিদ্ধান্ত নেবে-এমন প্রত্যাশা তাদের।
Posted ০৪:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন