নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৫১৬ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মাইলফলক গড়ার মাধ্যমে ড্রাই ডক দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বারকে আরও কার্যকর ও গতিশীল করে তুলেছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ আগস্ট আগের সব রেকর্ড ছাড়িয়ে একদিনে পাঁচ হাজার ৬১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে এই মাইলফলক অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর অঙ্গপ্রতিষ্ঠান সিসিডিএল।
পাশাপাশি আগস্ট মাসে এনসিটিতে মোট ৭৫ হাজার ৫৮৭টি বক্স কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। যার পরিমাণ এক লাখ ২২ হাজার ৫১৭ টিইইউএস। তাও চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক মাসের কনটেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ৭ জুলাই থেকে এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই টার্মিনালের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসে। সিডিডিএলের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ টিমের কারণে জাহাজ আগমন, কনটেইনার ডেলিভারি, কাস্টমস অ্যাপ্রাইজাল এবং গেট অপারেশনসহ প্রতিটি পর্যায়ে উন্নতি হয়েছে। বন্দরের সার্বিক কার্যক্রমে নিরবচ্ছিন্ন গতি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, কনটেইনার হ্যান্ডলিংয়ে একদিনের রেকর্ডসহ পুরো মাসে বন্দরের ইতিহাসে এক মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং করার যে উল্লেখযোগ্য অগ্রগতি, তাতে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। সিডিডিএলের এই সফলতা শুধু আমদানি-রপ্তানি খাতেই গতি আনবে না, বরং দেশের ব্যবসাবান্ধব অবকাঠামো এবং পরিচালন দক্ষতার একটি শক্তিশালী বার্তা বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও পৌঁছাবে বলে মনে করেন তিনি।
ওমর ফারুক বলেন, বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
Posted ০২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com