|

Advertisement
×

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে দুদকের মামলা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৬৪ বার পঠিত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৫ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৭৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ী মো. সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি সালাহউদ্দিন রিপনকে নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ এবং দায়দেনার বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ২৩ জুন তিনি নিজের স্বাক্ষরে কমিশনে সম্পদবিবরণী জমা দেন।

সম্পদবিবরণীতে তিনি ৪১ কোটি ৯২ লাখ ২৩ হাজার ৮৭৫ টাকার স্থাবর সম্পদ এবং ৪ কোটি ২৮ লাখ ৭২ হাজার ২০৯ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। একই সঙ্গে ৬ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৭৪৯ টাকার দায়দেনা দেখান। দায়দেনা বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৩৩৫ টাকা।

দুদকের যাচাইয়ে দেখা যায়, ২০০৭-০৮ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত সালাহউদ্দিন রিপনের গ্রহণযোগ্য বৈধ আয় ছিল ৮ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ১৩৫ টাকা। এ সময়ে পারিবারিক ও অন্যান্য খাতে তাঁর ব্যয় হয়েছে ৪ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৫৯৬ টাকা। ফলে ব্যয় বাদে তাঁর বৈধ সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫৩৯ টাকা।

অন্যদিকে, দায়দেনা বাদে তাঁর নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় ৩৯ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৩৩৫ টাকা। বৈধ সঞ্চয় বাদ দেওয়ার পর ৩৫ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৭৯৬ টাকার সম্পদের কোনো গ্রহণযোগ্য উৎস পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।

অনুসন্ধানে আরও দেখা গেছে, সম্পদবিবরণীতে স্থাবর সম্পদ অর্জনের উৎস হিসেবে ব্যবসার আয় উল্লেখ করেছিলেন সালাহউদ্দিন রিপন। তবে তাঁর ব্যবসা থেকে আয়সহ সব মিলিয়ে বৈধ আয়ের পরিমাণ পাওয়া গেছে ৮ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ১৩৫ টাকা। অথচ একই সময়ে তিনি ৪১ কোটি ৯২ লাখ ২৩ হাজার ৮৭৫ টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন।

দুদকের অভিযোগ, অসৎ উপায় ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে ব্যবসার আয়কে সম্পদ অর্জনের উৎস হিসেবে দেখিয়ে তিনি সম্পদবিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এভাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং সম্পদবিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com