এম,এম,আর কামরুল
সোমবার, ১৮ মে ২০২৬ প্রিন্ট ৭৩ বার পঠিত
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিনিয়োগকারীদের বাজার অংশগ্রহণ কমে যাওয়ায় দেশের শেয়ারবাজারে আবারও নেতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক, লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর—সব ক্ষেত্রেই পতন হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, ঈদকে কেন্দ্র করে অনেক বিনিয়োগকারী কোরবানিসহ অন্যান্য খরচের জন্য বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন। পাশাপাশি অনেকে ছুটির প্রস্তুতিতেও ব্যস্ত থাকায় লেনদেনে অংশগ্রহণ কমেছে। এর প্রভাবেই বাজারে বিক্রির চাপ বাড়ছে এবং সূচক নিম্নমুখী রয়েছে। তবে ঈদের পর বাজারে স্বাভাবিক গতি ফিরে আসতে পারে বলে আশা করছেন তারা।
দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান নেয় ৫ হাজার ২০৩ দশমিক ১১ পয়েন্টে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক কমেছে ৫ দশমিক ৯৮ পয়েন্ট এবং সূচক ডিএসই-৩০ কমেছে ২ দশমিক ১৬ পয়েন্ট।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টির দর।
লেনদেনের পরিমাণেও বড় ধরনের পতন দেখা গেছে। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৭২৬ কোটি ৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল প্রায় ৮৬৮ কোটি ২৩ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১৪২ কোটি টাকার বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ছিল একই ধরনের নিম্নমুখী প্রবণতা। এদিন সিএসইতে মোট ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৩২ কোটি ১১ লাখ টাকা।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির শেয়ারদর বেড়েছে, ১১৩টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।
সূচকের দিক থেকেও পতন হয়েছে সিএসইতে। সার্বিক সূচক সিএএসপিআই ৫২ দশমিক ১৬ পয়েন্ট হারিয়ে নেমে এসেছে ১৪ হাজার ৬২৩ দশমিক ২৩ পয়েন্টে। এর আগের কার্যদিবসেও সূচকটিতে পতন হয়েছিল প্রায় ৪০ পয়েন্ট।
Posted ০৪:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com