বিবিএনিউজ.নেট
সোমবার, ১৬ মার্চ ২০২০ প্রিন্ট ৪৭৯ বার পঠিত
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও সাবস্ক্রিপশন ১৩ এপ্রিল শুরু হচ্ছে। আগ্রহী বিনিয়োগকারীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে কোম্পানিটির আইপিও চাঁদা জমা দিতে পারবেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।
জানা যায়, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এর
মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ট্রেজারি বন্ড ও অন্যান্য খাতে বিনিয়োগের পাশাপাশি আইপিওর ব্যয় নির্বাহ করবে।
এদিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিওর ক্ষেত্রে বিএসইসি পাবলিক ইস্যু বিধিমালা, ২০১৫ বিধি ৩(৩)(সি)-এর বিধানগুলো পরিপালনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে আইপিওর মাধ্যমে উত্তোলিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ অর্থ ‘বীমা (নন-লাইফ বীমকারীর সম্পদ বিনিয়োগ ও সংরক্ষণ) প্রবিধানমালা, ২০১৯’-এর বিধানগুলো পরিপালন সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগের শর্ত আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সাধারণ শেয়ার কেনার জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশনে অংশগ্রহণে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে সাবস্ক্রিপশন শুরুর দিন থেকে পূর্ববর্তী পঞ্চম কার্যদিবস শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে ন্যূনতম ১ কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৮ টাকা ৭২ পয়সা, পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া যা ১৬ টাকা ৬৫ পয়সা। গত পাঁচ হিসাব বছরের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ট্রিপল এ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড ও বিএলআই ক্যাপিটাল লিমিটেড।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com