নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৭ বার পঠিত
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২০২৬ সালের প্রথমার্ধে শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি করেছে জার্মানভিত্তিক বহুজাতিক বীমা কোম্পানি অ্যালিয়াঞ্জ। ভারতের ব্যবসা বাদ দিয়ে এ সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪৫৫ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।
এশিয়া ইন্স্যুরেন্স রিভিউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অ্যালিয়াঞ্জ এশিয়া-প্যাসিফিকের লাইফ অ্যান্ড হেলথ ব্যবসার পরিচালন মুনাফা ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ৩৫৮ মিলিয়ন ইউরো হয়েছে। একই সময়ে প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালটি ব্যবসার পরিচালন মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ, যা ৯৭ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
এদিকে নতুন ব্যবসার মূল্য (নিউ বিজনেস ভ্যালু) ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩৯৬ মিলিয়ন ইউরো হয়েছে। থাইল্যান্ডের ব্যবসা বাদ দিলে নিউ বিজনেস ভ্যালু প্রবৃদ্ধি আরও বেশি-১৬ দশমিক ৫ শতাংশ। চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ব্যবসা বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে।
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে অ্যালিয়াঞ্জের নতুন ব্যবসার মূল্য আরও দ্রুত বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে নিউ বিজনেস ভ্যালু বেড়েছে ২৫ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে চীনে নিউ বিজনেস ভ্যালু বেড়েছে ৭৯ দশমিক ৪ শতাংশ, ইন্দোনেশিয়ায় ২২ দশমিক ৫ শতাংশ এবং মালয়েশিয়ায় ১২ দশমিক ২ শতাংশ।
অ্যালিয়াঞ্জের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অংশীদারিত্বভিত্তিক বিতরণ ব্যবস্থাও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ খাতে নিউ বিজনেস ভ্যালু বেড়েছে ১২ শতাংশ। একই সঙ্গে এজেন্টের সংখ্যা ৫ শতাংশ এবং এজেন্টদের উৎপাদনশীলতা ৮ শতাংশ বেড়েছে। এজেন্সি ব্যবসা থেকে এনভিবি দাঁড়িয়েছে ২০৪ মিলিয়ন ইউরো।
কোম্পানিটির প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালটি ব্যবসাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ ব্যবসার মোট ভলিউম ১৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৩ বিলিয়ন ইউরো হয়েছে। সিঙ্গাপুরে এ ব্যবসার প্রবৃদ্ধি হয়েছে ২২০ দশমিক ৮ শতাংশ এবং মালয়েশিয়ায় ৯ দশমিক ৮ শতাংশ। প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালটি ব্যবসার অপারেটিং ইনস্যুরেন্স সার্ভিস রেজাল্টও ৬৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ৭০ মিলিয়ন ইউরো হয়েছে।
অ্যালিয়াঞ্জ এশিয়া-প্যাসিফিকের আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা আনুশা থাভারাজাহ বলেন, এ ফলাফল এশিয়াজুড়ে কোম্পানিটির অগ্রগতি এবং কৌশল বাস্তবায়নে শৃঙ্খলাবদ্ধ কার্যক্রমের প্রতিফলন।
অ্যালিয়াঞ্জ বলছে, এশিয়ার ভোক্তাদের মধ্যে স্বাস্থ্য, অবসরকালীন জীবন ও সম্পদের সুরক্ষার চাহিদা বাড়ছে। ফলে অঞ্চলটিতে বীমা সুরক্ষার বড় ঘাটতি পূরণের পাশাপাশি সবার জন্য সুরক্ষা আরও সহজলভ্য করাকে গুরুত্ব দিচ্ছে কোম্পানিটি।
এদিকে সিঙ্গাপুরে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে অ্যালিয়াঞ্জ। গত জুলাইয়ে এইচএসবিসি লাইফ সিঙ্গাপুর অধিগ্রহণের জন্য একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া সাপেক্ষে অধিগ্রহণটি ২০২৭ সালের প্রথমার্ধে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র সিঙ্গাপুরে অ্যালিয়াঞ্জের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
Posted ০৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com