বিবিএনিউজ.নেট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ প্রিন্ট ৬৫০ বার পঠিত
পুঁজিবাজার ডিজিটালাইজেশন করার জন্য বিশ্বব্যাংকের কাছে ৭ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) চেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
পুঁজিবাজার ডিজিটালাইজেশনের আওতায় আনার জন্য অর্থ মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সঙ্গে বিএসইসির নতুন কমিশনের কয়েকদফা আলোচনা হয়েছে। আলোচনায় প্রযুক্তিগত উন্নয়নে বিশ্বব্যাংকের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে বিএসইসি। এরই আলোকে এ চিঠি পাঠানো হয়েছে। তবে বিএসইসির সরাসরি বিশ্বব্যাংকের কাছে চিঠি দেওয়ার সুযোগ না থাকায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। যেটা আবার ওই বিভাগ থেকে ইকোনোমিক রিলেশনস ডিভিশনের (ইআরডি) মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে পাঠানো হবে।
পুঁজিবাজার ডিজিটালাইজেশন করার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে বিশ্বব্যাপী করোনা মহামারী। এ মহামারীর মধ্যে অন্যান্য দেশের শেয়ারবাজার চালু থাকলেও বাংলাদেশে বন্ধ ছিল ৬৬ দিন। যে কারণে বিএসইসিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিচ্ছেন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করা ও বিভিন্ন প্রতিবেদন অনলাইনে জমা দেওয়া।
এসব উদ্যোগের পাশাপাশি এ ক্ষেত্রে বলা প্রয়োজন, কেবল কারিগরি দক্ষতা বাড়ালে চলবে না, সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করাও দরকার। দেশের পুঁজিবাজারের গুরুত্ব উপলব্ধির ক্ষেত্রে এটি খুবই প্রয়োজন। আধুনিক ব্যবস্থাপনা অবশ্যই আমাদের আমাদের আয়ত্তে থাকা দরকার। একই সঙ্গে দেখা দরকার আমরা কী করতে চাই। কীভাবে আমরা দেশের পুঁজিবাজার পরিচালনা করবো। বলা যায় এখনো আমরা সকলের কাছে আস্থার একটি বাজার প্রতিষ্ঠা করতে পারিনি। আমাদের অর্থনীতির সঙ্গে তুলনা করে বাজারের পরিধি বাড়াতে পারিনি। সুতরাং ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি এসব বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা প্রয়োজন। তাহলেই উদ্দেশ্য সফল হতে পারে।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com