নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে যাতে মূল্যস্ফীতির প্রভাব বিভিন্ন খাতে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। সেই তুলনায় দেশে জ্বালানির যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা খুবই সীমিত।
সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিভাগীয় পর্যায়ে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, গত দুই বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক অনিয়মের কারণে এ বছর হাম ও রুবেলার প্রকোপ বেড়েছে। তবে সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। টিকাদান কার্যক্রম যেভাবে এগিয়ে চলছে, তাতে আশা করা যায় অচিরেই দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
তিনি আরও বলেন, সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে। সিলেটের স্বাস্থ্যসেবা নিয়ে যে অসন্তোষ রয়েছে তা দূর করতে সরকার কাজ করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সামাজিক সূচকে সিলেট পিছিয়ে রয়েছে এবং অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার। আগামী পাঁচ বছরের মধ্যে এই বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ করা হবে।
এদিকে সিলেট বিভাগে ১৩ লাখ ৫১ হাজার ৯৬৯ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ লাখ ৬৫ হাজার ৩৫৪ জন (সিলেট সিটি কর্পোরেশনসহ ৬৮ হাজার ৫৮০ জন), মৌলভীবাজারে ২ লাখ ১০ হাজার ১৮৬ জন, হবিগঞ্জে ৩ লাখ ৩৩ হাজার ৯৪১ জন এবং সুনামগঞ্জে ৩ লাখ ৪৪ হাজার ৫৮৮ জন শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে সিলেট বিভাগে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী।
Posted ০৪:১৮ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com