নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০১ আগস্ট ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন শিল্পোদ্যোক্তা আব্দুল হাই সরকার। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
আব্দুল হাই সরকার ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর (এমকম) সম্পন্ন করেন। এরপর তিনি আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসায় যুক্ত হয়ে শিল্পোদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার দূরদর্শী নেতৃত্ব, উদ্যোক্তাসুলভ চিন্তাশক্তি এবং নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী পূর্বাণী গ্রুপ।
ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হাই সরকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) বর্তমান সভাপতি। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং টানা চার মেয়াদে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আব্দুল হাই সরকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এবং যুক্তরাজ্যের লিভারপুলভিত্তিক ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাবেক অ্যাসোসিয়েট ডিরেক্টর।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আব্দুল হাই সরকার সামাজিক কল্যাণ ও কমিউনিটি উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সম্মাননা দিয়েছে। এছাড়া বাণিজ্য ও শিল্প খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ‘কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি)’ মর্যাদায় ভূষিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আব্দুল হাই সরকারকে পুনর্নির্বাচন ব্যাংকের প্রতি পরিচালনা পর্ষদের আস্থারই বহিঃপ্রকাশ। তার অভিজ্ঞ নেতৃত্ব ও দিকনির্দেশনা ব্যাংকটিকে আগামীতেও সুশাসন, উৎকর্ষ এবং টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
Posted ০৮:১০ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com