|

Advertisement
×
বাড়বে ৫ টাকা পর্যন্ত

তিন বছরের জন্য আড়াই টাকা হচ্ছে বীমা ব্যবসা নিবন্ধন ফি

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৫৪৮ বার পঠিত

তিন বছরের জন্য আড়াই টাকা হচ্ছে বীমা ব্যবসা নিবন্ধন ফি

২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য এক টাকা থেকে বাড়িয়ে আড়াই টাকা করা হচ্ছে বীমা ব্যবসা নিবন্ধন নবায়ন ফি। ২০২৮ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত এই ফি ৪ টাকা করা হবে। ২০৩০ সাল থেকে পরবর্তী সময়ের জন্য এই ফি ৫ টাকা করে পরিশোধ করতে হবে। বীমা ব্যবসা নিবন্ধন নবায়ন ফি বিধিমালা, ২০১২’র সংশোধনী প্রস্তাব নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত এসেছে বলে সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, শিগগিরই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হতে পারে। গত ১৫ ডিসেম্বর সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুবের সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পক্ষে চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসেসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্টসহ সংম্লিষ্ট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বীমা ব্যবসা নিবন্ধন নবায়ন ফি বিধিমালা সংশোধনীর প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনা হয়। এর আগে গত ৮ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ইফতেখাইরুল করিম স্বাক্ষরিত এক চিঠিতে সংম্লিষ্টদের সভায় আমন্ত্রণ জানানো হয়।

তবে নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির এই প্রস্তাবে শুরু থেকেই বিরূপ প্রতিক্রিয়া এসেছে বীমা খাতের অংশীজনের মধ্য থেকে। তারা বলছেন, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের ভারে নুহ্য বীমা কোম্পানিগুলো নিজেদের ব্যয় মেটাতে প্রতিনিয়তই যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে হঠাৎ করে ফি বাড়ানোর এই প্রস্তাব অযৌক্তিক। এতে ব্যবস্থাপনা ব্যয় আরো বাড়বে এবং এর প্রভাব একেবারে বীমা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের পর্যায়ে পৌঁছাবে।
বীমা ব্যবসা নিবন্ধন নবায়ন ফি গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারের বিপরীতে সর্বোচ্চ ৫ গুণ বাড়ানোর প্রস্তাব করে এ সংক্রান্ত বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় আইডিআরএ।

আইডিআরএ বলছে, কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি, জনবলের পেনশন-গ্র্যাচুয়িটি, নিজস্ব ভবন নির্মাণ, শাখা কার্যালয় স্থাপন, কোম্পানিগুলোকে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (আইআইএমএস) সেবা বিনামূল্যে প্রদান এবং পেশাদার সংস্থা যেমন বিসিআইআই, বিআইআইএম, একচ্যুয়ারিয়াল সোসাইটি অব বাংলাদেশ প্রতিষ্ঠার মতো বড় উদ্যোগ বাস্তবায়নের জন্য এই ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ৩৭ কোটি ৫৯ লাখ টাকা আয় এবং ৩৭ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করেছে আইডিআরএ। তবে সংস্থাটির ব্যয়বহনে হঠাৎ করেই কয়েকগুণ নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া এসেছে বীমা খাতের অংশীজনের মধ্য থেকে।

Facebook Comments Box

Posted ০৭:২৫ অপরাহ্ণ | রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com