বিবিএনিউজ.নেট
সোমবার, ২৩ নভেম্বর ২০২০ প্রিন্ট ৫৬২ বার পঠিত
দেশের পুঁজিবাজারে আকস্মিক ছন্দপতন হয়েছে। মূল্যসূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা হোঁচট খেয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে বাজারে লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। গত ১৫ নভেম্বর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ১২শ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে। সপ্তাহের ব্যবধানে রোববার তা ৫শ কোটি টাকার নিচে নেমে আসে। গত সাড়ে তিন মাসের মধ্যে এটিই সর্বনিম্ন লেনদেন।
লেনদেনের এই বড় পতনকে ঘিরে বিনিয়োগকারীদের কৌতূহল ও উদ্বেগ হওয়া অস্বাভাবিক নয়। কারো কারো আশংকা হতে পারে, বাজার কি আবার আগের অবস্থার দিকে ফিরে যাচ্ছে?
এই প্রশ্নের সরল উত্তর অনেকটাই কঠিন। কারণ এর পেছনে বেশকটি বিষয় কাজ করতে পারে। সেগুলো মাথায় নিয়েই বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এগুলোর মধ্যে রয়েছে- অল্প সময়ের মধ্যে বেশকিছু আইপিও বাজারে আসা, বীমা খাত এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ আটকে যাওয়া। এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিংকাশ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা শেষ হওয়ার বিষয়টি এক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়। এর সঙ্গে যোগ হয়েছে কোম্পানিগুলো মন্দ পারফরম্যান্স। এসব কারণে লেনদেনে নেতিবাচ প্রভাব পড়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। মোবাইল ফোন অপারেটর রবি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫শ কোটি টাকা উত্তোলন করেছে। এই টাকার অংকটাও বেশ বড়।
কাছাকাছি সময়ে অনেকগুলো আইপিও অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব আইপিওতে অংশ নিতে অনেক বিনিয়োগকারী টাকা ক্যাশ করেছেন। এ কারণেও সেকেন্ডারি মার্কেটে টাকার প্রবাহ কিছুটা মন্থর হতে পারে। আরো যে বিষয়টি দুঃখজনক সেটি হলো বেশকিছু কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। ফলে এক ধরনের হতাশা থেকেও অনেক বিনিয়োগকারী লেনদেনে নিষ্ক্রিয় থাকতে পারেন।
কারণ যাই হোক এ সময়ে পুঁজিবাজারে টানা দরপতন ও লেনদেনের মন্থর গতি কিছুতেই কাম্য নয়। সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করেই পুঁজিবাজারকে সামনে এগোতে হবে। পাশাপাশি সব ধরনের বাস্তবতা মোকাবিলা করার মানসিকতাও পুঁজিবাজারের বিনিয়োগকারীদের থাকতে হবে। সুদিন কিংবা দুর্দিন কোনোটাই স্থায়ী বিষয় নয়। প্রতিদিনের সূর্যই নতুন। তাই পুঁজিবাজারেও ইতিবাচক পরির্তন সময়ের ব্যাপার।
Posted ০৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন