|

Advertisement
×
ইন্স্যুরেন্স ফোরামের মনিটরিং কমিটি

নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মুখ্য নির্বাহীদের ঐকমত্য

বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৫৬০ বার পঠিত

নন-লাইফ বীমায় শূন্য কমিশন বাস্তবায়নে মুখ্য নির্বাহীদের ঐকমত্য

নন-লাইফ বীমা খাতে শূন্য কমিশন নীতি বাস্তবায়নে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা মেনে চলতে ঐকমত্য পোষণ করেছেন দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তারা। একই সঙ্গে শূন্য কমিশন কার্যকর ও টেকসই করতে একটি মনিটরিং/ভিজিলেন্স কমিটি গঠন করেছে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার দিলকুশায় বিআইএফ কার্যালয়ে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) কার্যনির্বাহী সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী।

সভায় নন-লাইফ বীমা খাতের ৩১ জন মুখ্য নির্বাহী কর্মকর্তা অংশ নেন। কমিশন বন্ধে আইডিআরএর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তা কঠোরভাবে অনুসরণ করার বিষয়ে তারা একমত পোষণ করেন। এ সময় শূন্য কমিশন বাস্তবায়নে সব কোম্পানির উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতায় সমতা নিশ্চিত করা, সিইওদের পাশাপাশি ম্যানেজমেন্ট পর্যায়ের কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় আনার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, এসব বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে আলোচনা করে একটি টার্মস অব রেফারেন্স (টিওআর) চূড়ান্ত করা হবে।

সভা শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি মনিটরিং/ভিজিলেন্স কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-রিপাবলিক ইন্স্যুরেন্সের সিইও ড. একেএম সারোয়ার জাহান জামীল, এশিয়া ইন্স্যুরেন্সের সিইও মো. ইমাম শাহীন, প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির সিইও সৈয়দ সিহাব উল্যা আল মনজুর এবং সিটি ইন্স্যুরেন্স পিএলসির সিইও শামীম হোসেন।

বিআইএফ জানায়, কমিটি সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে সাধারণ বীমা খাতে কমিশন শূন্য রাখার বিষয়ে আইডিআরএর সাম্প্রতিক সার্কুলার বাস্তবায়ন নিয়মিত ও কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বিআইএফের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. একেএম সারোয়ার জাহান জামীল এবং অফিস সেক্রেটারি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও আবদুল মতিন সরকার।

এছাড়াও বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা সভায় অংশ নেন।

Facebook Comments Box

Posted ০৭:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com