বিবিএ নিউজ.নেট
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৫০৩ বার পঠিত
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যে প্রকাশ করার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। লিখিত পরীক্ষার কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে বিলম্ব হবে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে।
চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশ করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন। কিন্তু এ পরীক্ষার বেশকিছু খাতা শেষ পর্যায়ে তৃতীয় পরীক্ষকের কাছে যাওয়ায় ফল প্রকাশে আরও দেরি হবে।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হবে না। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য সরকারি ছুটি এবং শনিবার কাজ করে গেলেও বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাচ্ছে। এ জন্য ফল প্রকাশে দেরি হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃতীয় পরীক্ষকের প্রয়োজন তৈরি হয়েছে। কমিশনের এ সংক্রান্ত সিদ্ধান্তও আছে। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব কাজ শেষ করার। কারণ এটি শেষ করতে পারলে আমাদের একটা বোঝা নেমে যায়।’
তবে খাতা দেখার এ প্রক্রিয়া কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে অনেক খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরে ২০ শতাংশের বেশি ব্যবধান হওয়ায় তা তৃতীয় পরীক্ষকের নিকট দেওয়া হয়েছে। সে কারণে পিএসসি চেষ্টা করেও ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারেনি।
এ প্রক্রিয়ায় যেতে না হলে আজ ২৪ ডিসেম্বরের মধ্যেই বৈঠক করে ফল প্রকাশের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
Posted ০৫:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | motaleb hossen
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com