বিবিএনিউজ.নেট
শনিবার, ২৮ নভেম্বর ২০২০ প্রিন্ট ৫৪৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম সম্মিলিত ৩০ শতাংশ শেয়ার ধারণের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ নভেম্বর। এ সময়ের মধ্যে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হবেন, সেসব কোম্পানির পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হবে।
সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় ব্যর্থ কোম্পানির পরিচালনা পর্ষদ স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ড পুনর্গঠনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে গণমাধ্যমে খবর হয়।
দুই বার সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ের মধ্যে যেসব কোম্পানির উদ্যোক্তা-পরিচালক সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হবেন, সেসব কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্য থেকে যাদের ন্যূনতম দুই শতাংশ শেয়ার রয়েছে তাদের পরিচালক পদে নিয়োগ দেয়া হবে। আর তাতেও যদি ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার পূরণ না হয়, তাহলে আনুপাতিক হারে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হবে। এছাড়া যেসব কোম্পানিতে শেয়ারহোল্ডার পরিচালক পাওয়া যাবে না, সেখানে একাধিক স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ড গঠন করা হবে।
২০১১ সালে খায়রুল হোসেনের নেতৃত্বাধীন কমিশন তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করে। এরপর ৯ বছর পার হলেও ৪৪টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালক এসইসি’র নির্দেশনা পূরণে ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে বিএসইসি’র নতুন কমিশন গত ২৭ জুলাই ন্যূনতম শেয়ার ধারণে কোম্পানিগুলোকে ৬০ কার্যদিবস সময় বেঁধে দেয়। কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কিনতে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইন থেকেও অব্যাহতি দেয়া হয়। গত ২৭ অক্টোবর এ সময়সীমা শেষ হলেও বেশিরভাগ কোম্পানি শর্তপূরণে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ের মধ্যে মাত্র আটটি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা বিএসইসি’র নির্দেশনা মেনে করে ন্যূনতম শেয়ার ধারণ করেছেন।
এমন পরিস্থিতিতে ন্যূনতম শেয়ার ধারণের শর্তপূরণে ব্যর্থ ৩৬টি কোম্পানি যাতে বিএসইসি’র নির্দেশনা পালন করতে পারে সেজন্য নতুন করে আরও এক মাস সময় বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়। কিন্তু এর মধ্যে কোনো কোম্পানির উদ্যোক্তা-পরিচালক শেয়ার কেনার ঘোষণা দেননি। এ অবস্থায় পুঁজিবাজারে আস্থা ফেরানোর জন্য বিএসইসি’র কঠোর অবস্থানই কাম্য।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com