নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬ প্রিন্ট ২৬ বার পঠিত
আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক পিএলসিকে অতিরিক্ত আয়ের সুযোগ করে দিতে নিজস্ব ভবনের একটি অংশ বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংক কোম্পানি আইনের সংশ্লিষ্ট বিধান থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে ব্যাংকটিকে।
মঙ্গলবার (২১ জুলাই) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ন্যাশনাল ব্যাংকের প্রস্তাবিত প্রধান কার্যালয় ভবন ‘এনবিএল টুইন টাওয়ার’-এর টাওয়ার-২ বাণিজ্যিক স্থাপনা হিসেবে ইজারা দেওয়া যাবে। এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইনের ১০ ধারার বিধান থেকে ব্যাংকটিকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও আর্থিক সংকটের কারণে ন্যাশনাল ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। আমানতকারীদের অর্থ পরিশোধেও ব্যাংকটি চাপের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নিজস্ব সম্পদ থেকে নিয়মিত ভাড়া আয় নিশ্চিত করা গেলে ব্যাংকটির নগদ প্রবাহ কিছুটা শক্তিশালী হবে এবং আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখবে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের মোট ঋণের পরিমাণ ৪২ হাজার ৭৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ রয়েছে ২৪ হাজার ৩০৫ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৫৭ শতাংশ। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, দীর্ঘদিনের অনিয়ম এবং সুশাসনের ঘাটতির কারণে ব্যাংকটির আর্থিক ভিত্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভবনের একটি অংশ ইজারা দিয়ে অতিরিক্ত আয় করা ব্যাংকটির জন্য স্বল্পমেয়াদে কিছুটা স্বস্তি আনতে পারে। তবে স্থায়ীভাবে সংকট কাটিয়ে উঠতে খেলাপি ঋণ আদায়, মূলধন শক্তিশালীকরণ এবং সুশাসন নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
Posted ০৭:২৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com