|

Advertisement
×

প্রবাসীদের জন্য এনআরসিটি হিসাব চালু করল ট্রাস্ট ব্যাংক

সোমবার, ০২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

প্রবাসীদের জন্য এনআরসিটি হিসাব চালু করল ট্রাস্ট ব্যাংক

প্রবাসী বাংলাদেশীদের বিদেশে অর্জিত অর্থ দেশে সঞ্চয়, ব্যবস্থাপনা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে ‘নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা (এনআরসিটি) হিসাব’ চালু করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ হিসাবের মাধ্যমে প্রবাসীরা দেশে অর্থ জমা রাখার পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে জমাকৃত মূলধন এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা অবাধে বিদেশে প্রত্যাবাসনের সুযোগও থাকছে।

সম্প্রতি রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ হিসাবের উদ্বোধন করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, প্রবাসীদের বিভিন্ন আর্থিক প্রয়োজন বিবেচনায় তিন ধরনের এনআরসিটি হিসাব চালু করা হয়েছে। এগুলো হলো—ট্রাস্ট এনআরসিটি সঞ্চয়ী হিসাব, ট্রাস্ট এনআরসিটি চলতি হিসাব এবং ট্রাস্ট এনআরসিটি স্থায়ী আমানত। কোনো প্রাথমিক জমা ছাড়াই সম্পূর্ণ অনলাইনে এসব হিসাব খোলার সুযোগ থাকছে। পাশাপাশি ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমেও হিসাব খোলা ও সংশ্লিষ্ট সেবা নেওয়া যাবে।

নতুন হিসাবের আওতায় প্রবাসীদের জন্য রাখা হয়েছে বেশ কিছু আর্থিক সুবিধা। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় সুদহার, অর্জিত মুনাফা পুনর্বিনিয়োগ, বৈদেশিক মুদ্রায় রূপান্তর এবং মাসিক সঞ্চয় প্রকল্পে অংশগ্রহণের সুযোগ। পাশাপাশি পোর্টফোলিও বিনিয়োগ, হিসাবের স্থিতির বিপরীতে ঋণ গ্রহণ এবং প্রতিযোগিতামূলক বিনিময় হারে অর্থ লেনদেনের সুবিধাও পাওয়া যাবে।

ব্যাংকটির কর্মকর্তারা মনে করছেন, নতুন এ হিসাব চালুর ফলে প্রবাসী বাংলাদেশীদের জন্য দেশের সঙ্গে আর্থিক সংযোগ আরও সহজ হবে। বিশ্বের যেকোনো স্থান থেকে তারা দেশে অর্থ সঞ্চয় ও বিনিয়োগ পরিচালনা করতে পারবেন। একই সঙ্গে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের বিদেশে অর্জিত অর্থ দেশে আনা এবং তা কার্যকরভাবে ব্যবস্থাপনার সুযোগ বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আখলাসুর রহমান ভূঁইয়া, ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা হাসনা হেনা চৌধুরী, ডিএমডি ও ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান মো. কামাল হোসাইন সরকার এবং এসইভিপি ও বিজনেস ডিভিশনের প্রধান মো. মাহবুব হোসাইনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৭ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com