|

Advertisement
×

বাংলালিংকের ‘মুক্ত’ অ্যাপে মিলবে সব অপারেটরের ডিজিটাল সেবা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৪ বার পঠিত

বাংলালিংকের ‘মুক্ত’ অ্যাপে মিলবে সব অপারেটরের ডিজিটাল সেবা

টেলিযোগাযোগ সেবার গণ্ডি ছাড়িয়ে বিনোদন, তথ্য ও দৈনন্দিন জীবনের নানা ডিজিটাল সুবিধা এক জায়গায় আনতে ‘মুক্ত’ নামে নতুন একটি অ্যাপ চালু করছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটির আগের সেলফ সার্ভিস অ্যাপ ‘মাইবিএল’কে নতুনভাবে সাজিয়ে এ প্লাটফর্ম তৈরি করা হয়েছে। তবে আগের অ্যাপের মতো এটি শুধু বাংলালিংক গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহকই ব্যবহার করতে পারবেন ‘মুক্ত’। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংকের দাবি, ‘মুক্ত’ দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্লাটফর্ম। অর্থাৎ এ অ্যাপ ব্যবহারের জন্য নির্দিষ্ট কোনো মোবাইল অপারেটরের গ্রাহক হওয়ার বাধ্যবাধকতা থাকছে না। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের অন্য দেশের নম্বর ব্যবহার করেও এতে লগইন করা যাবে। ফলে ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে একটি অ্যাকাউন্টের মাধ্যমেই বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।

অ্যাপটিতে বিনোদন থেকে শুরু করে তথ্য ও যোগাযোগের নানা সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ গ্রহণ, সংবাদ পড়া, খেলাধুলার খবর জানা এবং টেলিযোগাযোগ-সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে। পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনের আরও কিছু ডিজিটাল সুবিধাও থাকবে।

ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ব্যক্তিগত করতে এতে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক পার্সোনালাইজেশন ফিচার। এ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও ব্যবহারের ধরন বিবেচনায় বিভিন্ন পণ্য ও সেবার সুপারিশ করা হবে। শুধু নিজের নম্বর নয়, পরিবারের সদস্য কিংবা প্রিয়জনদের মোবাইল নম্বরের মাধ্যমেও বিভিন্ন সেবা পরিচালনার সুযোগ থাকবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, গ্রাহকদের প্রয়োজন এখন আর শুধু টেলিযোগাযোগ সেবার মধ্যে সীমাবদ্ধ নেই। দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে ডিজিটাল সেবার ব্যবহার বাড়ছে। মানুষ এমন প্রযুক্তি প্রত্যাশা করে, যা তাদের জীবনযাত্রার সঙ্গে সহজে খাপ খাবে এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সেবা দেবে। ‘মুক্ত’র মাধ্যমে এসব সুবিধা একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

নতুন অ্যাপ চালুর মধ্য দিয়ে ডিজিটাল সেবা প্রদানের ব্যবসায়িক কৌশলেও পরিবর্তন আনছে বাংলালিংক। এতদিন প্রতিষ্ঠানটির ডিজিটাল সেবার বড় অংশ নিজস্ব গ্রাহকদের কেন্দ্র করে পরিচালিত হলেও ‘মুক্ত’র মাধ্যমে সেই পরিধি বাড়িয়ে সব মোবাইল অপারেটরের গ্রাহকদের কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।

এর ফলে বাংলালিংকের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের সুযোগ আর শুধু নিজস্ব নেটওয়ার্কের গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বরং বিভিন্ন অপারেটরের ব্যবহারকারীদের একই অ্যাপের আওতায় এনে একটি বিস্তৃত ডিজিটাল সেবা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com