|

Advertisement
×

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

ব্যাংক ঋণের বিপরীতে গ্রাহকদের দেওয়া জামানত বা বন্ধকী সম্পত্তির মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তফসিলি ব্যাংকগুলো ঋণের বিপরীতে রাখা জামানতের মূল্য নির্ধারণে এসব প্রতিষ্ঠানের সেবা নিতে পারবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা ‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তিকরণ নীতিমালা’ অনুযায়ী যোগ্যতা যাচাই শেষে প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত ১৩১ প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টি ‘ক’ গ্রুপ এবং ৩৩টি ‘খ’ গ্রুপে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো বর্তমানে নেওয়া এবং ভবিষ্যতে নেওয়া ঋণের বিপরীতে গ্রাহকদের দেওয়া জামানতের মূল্যায়ন এসব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে পারবে। জামানত মূল্যায়নের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সময় সময়ে যেসব নির্দেশনা জারি করবে, সেগুলো যথাযথভাবে অনুসরণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

তবে তালিকাভুক্তির শর্ত বা নীতিমালার কোনো বিধান যথাযথভাবে অনুসরণ না করলে তিন বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতিবছর ১৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ক ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। নির্দেশনাটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com