|

Advertisement
×

ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   প্রিন্ট   ৭ বার পঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস অর্থনীতি গড়ার উদ্যোগকে আরও এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘বাংলা কিউআর’ (বাংলা কিউআর) সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগদ অর্থ ছাড়াই বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করা যাবে।

বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ.এন.এম. মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফাত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বাংলা কিউআর, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং দেশে নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই উদ্যোগের ফলে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে টিউশন ফি, একাডেমিক ফি, ক্যাফেটেরিয়া ও খুচরা বিক্রয়কেন্দ্রের বিলসহ বিভিন্ন ধরনের দৈনন্দিন অর্থ পরিশোধ বাংলা কিউআর এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা যাবে।

বাংলা কিউআর দেশের সমন্বিত কিউআরভিত্তিক পেমেন্ট প্ল্যাটফর্ম, যার মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার গ্রাহক একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধ করতে পারবেন। এই উদ্যোগকে বাংলাদেশ ব্যাংকের জাতীয় পর্যায়ের ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। দেশের প্রথম ক্যাশলেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার যাত্রায় অংশীদার হতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত। তিনি বলেন, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে ব্র্যাক ব্যাংক কাজ করে যাবে।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গঠনে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এ ধরনের উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য সবার কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ নিশ্চিত করাও সমানভাবে প্রয়োজন।

ব্র্যাক ইউনিভার্সিটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাবের শিক্ষার্থীদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং ও আধুনিক পেমেন্ট ব্যবস্থায় ব্র্যাক ব্যাংকের অগ্রণী ভূমিকার পাশাপাশি ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com