শ্যামল রুদ্র খাগড়াছড়ি
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ প্রিন্ট ১৬ বার পঠিত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পাহাড়ের দিকে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। পরে ওই মোটরসাইকেলের সিটের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। বিজিবির হিসাবে, উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে একটি মোবাইল চেকপোস্ট বসানো হয়েছিল। রাত ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেলটি কিছুটা গতি কমিয়ে আবার দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালানোর চেষ্টা করে।
বিজিবির সদস্যরা মোটরসাইকেলটির পিছু নেন। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়ার পর সেটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলা সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে একপর্যায়ে বিজিবির টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব তৈরি হয়। এ সুযোগে দুই ব্যক্তি মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি কালভার্টের নিচে ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করেন। সিটের নিচে পাওয়া যায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০টি গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস)।
বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Posted ০৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com