Ad
x
চার বছরেও মেলেনি বীমা দাবি

মেটলাইফের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রবিবার, ২৬ জুলাই ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

মেটলাইফের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

বাবার মৃত্যুর পর বীমা দাবির প্রায় ৪৫ লাখ টাকা পাওয়ার আশায় চার বছরের বেশি সময় ধরে দ্বারে দ্বারে ঘুরছেন বগুড়ার চুমকি আক্তার। কিন্তু শেষ পর্যন্ত প্রাপ্য অর্থ তো দূরের কথা, উল্টো তাকে জানানো হয় তিনি পাবেন মাত্র ৪৪ হাজার টাকা। মেটলাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে রোববার (২৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘসূত্রতা, অস্পষ্টতা এবং একের পর এক অবস্থান পরিবর্তনের মাধ্যমে তাকে চরম হয়রানির মুখে ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলনে চুমকি আক্তার জানান, তার বাবা মো. জালাল উদ্দীনের নামে মেটলাইফ ইন্স্যুরেন্সে একটি জীবন বীমা পলিসি ছিল। ওই পলিসিতে নমিনি হিসেবে তার নাম উল্লেখ ছিল। ২০২২ সালে বাবার মৃত্যুর পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বীমার দাবির অর্থ পাওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি।

তার দাবি, শুরুতে মেটলাইফের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জানান, বীমা দাবির বিপরীতে তিনি প্রায় ৪৫ লাখ টাকা পাওয়ার অধিকারী। সেই আশ্বাসের ভিত্তিতেই তিনি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কিন্তু এরপর দীর্ঘ সময় কেটে গেলেও অর্থ পরিশোধ করা হয়নি। বারবার যোগাযোগ করেও তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিংবা নির্দিষ্ট সময়সীমা পাননি বলে অভিযোগ করেন।

চুমকি আক্তারের ভাষ্য, একপর্যায়ে নিরুপায় হয়ে তিনি হাইকোর্টের একজন আইনজীবীর শরণাপন্ন হন। আইনি উদ্যোগ নেওয়ার পর মেটলাইফের পক্ষ থেকে তাকে নতুন করে জানানো হয়, তার প্রাপ্য ৪৫ লাখ টাকা নয়, মাত্র ৪৪ হাজার টাকা। একই দাবির বিষয়ে এমন বিপরীতমুখী অবস্থান তাকে বিস্মিত ও হতাশ করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, আইনজীবীর মাধ্যমে একাধিকবার নোটিশ ও তাগিদ দেওয়ার পরও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার ভাষায়, “একজন নমিনি হিসেবে ন্যায্য পাওনা চাইতে গিয়ে বছরের পর বছর ধরে শুধু অপেক্ষা, অনিশ্চয়তা আর হয়রানির শিকার হয়েছি।”

চুমকি আক্তার বলেন, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারানোর শোকের মধ্যেই তিনি ভেবেছিলেন বীমার অর্থ অন্তত পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব করবে। কিন্তু দীর্ঘদিনেও দাবি নিষ্পত্তি না হওয়ায় সেই প্রত্যাশা ভেঙে গেছে। এতে তার পরিবার আর্থিক ও মানসিকভাবে চরম ভোগান্তির মধ্যে রয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার দাবি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান। তিনি বলেন, বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নির্ভর করে দাবি নিষ্পত্তির স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার ওপর। যদি বৈধ নমিনিদের বছরের পর বছর ঘুরতে হয় এবং একই দাবির বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়, তাহলে পুরো বীমা খাতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

চুমকি আক্তারের উত্থাপিত অভিযোগের বিষয়ে মেটলাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে যোগাযোগ করলে জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান জানান, ‘চুমকি আক্তারের বাবা ইন্স্যুরেন্স করার সময় আয়ের উৎস সম্পর্কিত ভুল তথ্য দেওয়ার কারণে তার উল্লেখিত বীমা দাবিটি বাতিল হয়েছে, এখন শুধু জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ০৫:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com