নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ প্রিন্ট ১৯৮ বার পঠিত
নতুন যাত্রার প্রতীক হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর লোগো অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লোগো অনুমোদন হয়। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন এই লোগো ব্যাংকটির ইসলামী মূল্যবোধ, স্বচ্ছতা ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রতিফলন। গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও বাড়াতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান পরিচালকরা।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, লোগোর নকশায় ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক দর্শন, আস্থা ও সম্মিলিত অগ্রযাত্রার বার্তা তুলে ধরা হয়েছে। লোগোতে ব্যাংকের প্রতিপাদ্য লিখা হয়েছে, “সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী”। অর্থাৎ ভবিষ্যতে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচনে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
গত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ডজনখানেক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেয়। এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপেই ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। এরমধ্যে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের অনুমতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো– এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।
নতুন ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর সেনা কল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে পড়েছে।
সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা মিলে একটি বা দুটি করা হবে। ব্যাংকগুলোর পরিচালন খরচ কমাতে এরই মধ্যে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।
Posted ০৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com