|

Advertisement
×

সিইপিএ চুক্তি, শ্রমবাজার ও বন্দর বিনিয়োগে বাংলাদেশ-আমিরাত আলোচনা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪৬ বার পঠিত

সিইপিএ চুক্তি, শ্রমবাজার ও বন্দর বিনিয়োগে বাংলাদেশ-আমিরাত আলোচনা

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থান, বন্দর অবকাঠামোয় বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্ব দিয়েছে উভয় দেশ। একই সঙ্গে আমিরাতের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতের বিষয়েও আলোচনা হয়েছে।

গতকাল অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জনসে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমির দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। এ সময় প্রস্তাবিত সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদন ও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ তাগিদ দেয়।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কাজের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামো খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশের পারস্পরিক সমর্থনের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। সংকটের মূল কারণগুলো মোকাবিলা এবং এর টেকসই সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত।

দুই দেশের এই আলোচনা বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরও বিস্তৃত করার সম্ভাবনা তৈরি করেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com