নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩৩৯ বার পঠিত
ব্যাংকটির পরিচালনা কাঠামোয় নজরদারি জোরদার করতে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে ব্যাংকটির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের আওতায় আসছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খানকে স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট থেকে গত ৬ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, পর্যবেক্ষক হিসেবে মো. শরাফত উল্লাহ খান স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সভার পাশাপাশি নির্বাহী কমিটি এবং অডিট কমিটির বৈঠকেও উপস্থিত থাকবেন। সভাগুলোতে আলোচিত বিষয়বস্তু, সিদ্ধান্ত ও প্রস্তাবনার ওপর তিনি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয় মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদ ও সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন তিনি। এ ছাড়া চিঠিতে স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির সব সভার আলোচ্যসূচি, কার্যবিবরণী এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট নথিপত্র সভা অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখের কমপক্ষে তিন কার্যদিবস আগে পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনে তাকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংকের যথাযথ অনুমোদন সাপেক্ষেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নানের স্বাক্ষর রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে স্ট্যান্ডার্ড ব্যাংকের করপোরেট গভর্ন্যান্স ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। ব্যাংকের অভ্যন্তরীন সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতার দ্বন্দ্ব ও বিভক্তি ব্যাংকটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ব্যাহত করছে। কোন্দলের কারণে উদ্দেশ্য হাসিলের জন্য একটি পক্ষ কেন্দ্রীয় ব্যাংককেও অনুমোদনহীন নথি সরবরাহ করছে যার সরাসরি প্রভাব পড়ছে ব্যাংকের সার্বিক কার্যক্রম ও আর্থিক অবস্থার ওপর। অভ্যন্তরীণ এই সংকটের মধ্যেই ব্যাংকটির খেলাপি ঋণ উদ্বেগজনক হারে বেড়েছে যা ইতোমধ্যে সংবাদ মাধ্যমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার নির্দেশনা ও পরিদর্শন পরিচালনা করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ দেখা যায়নি।
Posted ০৬:২২ অপরাহ্ণ | রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com