|

Advertisement
×

হোমল্যান্ড লাইফে ফিরল নিয়মিত পর্ষদ, নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

শনিবার, ২২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৬৮ বার পঠিত

হোমল্যান্ড লাইফে ফিরল নিয়মিত পর্ষদ, নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

হাইকোর্টের আদেশে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিয়মিত পরিচালনা পর্ষদ। আট সদস্যের নতুন পর্ষদে সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিনকে পুনরায় চেয়ারম্যান এবং মো. আব্দুল হাইকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

নতুন পর্ষদের অন্য পরিচালকেরা হলেন মোহাম্মদ জুলহাস, মো. ফয়জুল হক, জামাল মিয়া, কামাল মিয়া, আব্দুর রাজ্জাক ও আব্দুল আহাদ।

হাইকোর্টের আদেশে গঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গত ১১ আগস্ট নিয়মিত পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করে। এর আগে প্রস্তাবিত নিয়মিত পরিচালনা পর্ষদের পরিচালকদের তালিকা আদালতে উপস্থাপন করে অনুমোদন নেওয়া হয়।

নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পরপরই মোহাম্মদ আমজাদ হোসেন খান চৌধুরীকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কোম্পানিটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর হোমল্যান্ড লাইফকে নতুন করে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কোম্পানিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিনের নানা সংকট ও অনিয়ম কাটিয়ে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে এবার নিয়মিত পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছে।

জামাল উদ্দিন বলেন, নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর কোম্পানির আর্থিক অবস্থা, বকেয়া দাবি, বিনিয়োগ, প্রশাসনিক কার্যক্রম ও গ্রাহকসেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে গ্রাহকদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং কোম্পানির আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

হোমল্যান্ড লাইফকে একটি কার্যকর ও গ্রাহকবান্ধব বীমা প্রতিষ্ঠানে পরিণত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে বকেয়া দাবি নিষ্পত্তি, আয়-ব্যয়ের ভারসাম্য ফিরিয়ে আনা, বিনিয়োগ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মাঠপর্যায়ের ব্যবসায়িক কার্যক্রম পুনর্গঠন।

তিনি বলেন, কোম্পানিটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা ও বিধিবিধান যথাযথভাবে পরিপালনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক করা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

হোমল্যান্ড লাইফের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক সক্ষমতা পুনর্গঠন এবং গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনা। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, কার্যকর উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে কোম্পানিটি আবারও বীমা খাতে নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে বলে তাঁরা বিশ্বাস করেন।

দুই দফায় অন্তর্বর্তীকালীন পর্ষদ

পরিচালনা পর্ষদ গঠন নিয়ে উচ্চ আদালতে দায়ের হওয়া একাধিক মামলার পরিপ্রেক্ষিতে গত বছর হোমল্যান্ড লাইফের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে দুই দফায় অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠন করে দেন উচ্চ আদালত।

আদালতের আদেশ অনুযায়ী, কোম্পানির ব্যবস্থাপনার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আইন ও বিধি মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের দায়িত্ব দেওয়া হয় অন্তর্বর্তীকালীন পর্ষদকে।

একই সঙ্গে কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করা, সব ধরনের বিধিবদ্ধ কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডার, পলিসিহোল্ডার ও পাওনাদারদের স্বার্থ রক্ষায় নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ অন্তর্বর্তীকালীন পর্ষদের চেয়ারম্যান ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম। সদস্য ছিলেন সাবেক অতিরিক্ত সচিব গাজী মিজানুর রহমান, মোহাম্মদ আলী-এফসিএ, মো. জামাল উদ্দিন ও মোহাম্মদ জুলহাস।

নিয়মিত পর্ষদ দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে হোমল্যান্ড লাইফের পরিচালনা ও ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন গ্রাহকের বকেয়া দাবি নিষ্পত্তি, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে কোম্পানিটির প্রতি আস্থা পুনর্গঠনই নতুন পর্ষদের প্রধান পরীক্ষা।
আইডিআরএর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত কোম্পানিটির কাছে গ্রাহকের বকেয়া বিমা দাবি ছিল ৩৫ কোটি ৪৯ লাখ টাকা।

Facebook Comments Box

Posted ০৪:০০ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com