বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

১২ লাখ গ্রাহকের জীবন বীমা দাবি বকেয়া

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

১২ লাখ গ্রাহকের জীবন বীমা দাবি বকেয়া

মেয়াদ পেরিয়ে গেলেও নির্ধারিত সময়ে ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন গ্রাহকের বীমা দাবির টাকা পরিশোধ করেনি দেশের জীবন বীমা খাতের কোম্পানিগুলো। ২০২৫ সাল শেষে খাতের ৩৬ টি কোম্পানির কাছে গ্রাহকদের বকেয়া পাওনা দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৩ কোটি ২০ লাখ টাকা।

কোম্পানিগুলোর অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বলছে, ২০২৫ সালে জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির কাছে মোট পরিশোধযোগ্য বীমা দাবির সংখ্যা ছিল ২৮ লাখ ৪৩ হাজার ৩৬৮ টি । এর মধ্যে ১৬ লাখ ৫৭ হাজার ৮৫২ জন গ্রাহকের বীমা দাবি পরিশোধ করা হলেও ১১ লাখ ৮৫ হাজার ৫১৬ জন গ্রাহকের দাবির টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করেনি কোম্পানিগুলো। অর্থাৎ ৪১ দশমিক ৬৯ শতাংশ গ্রাহকই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বীমা দাবি পাননি।

শুধু বেসরকারি কোম্পানি নয় বড় অঙ্কের বীমা দাবি বকেয়া রেখেছে খোদ রাষ্ট্রায়ত্ত কোম্পানি জীবন বীমা কর্পোরেশনও। কোম্পানিটিতে ৪ হাজার ২৮০ জন গ্রাহকের ৬৮ কোটি ৯৪ লাখ টাকা বকেয়া পড়েছে। কোম্পানিটিতে ২০২৫ সালে ১ লাখ ২০ হাজার ৯৮৬ জন গ্রাহকের পাওনা দাঁড়ায় ৭৫৮ কোটি ৯৮ লাখ টাকার বীমা দাবি। বিপরীতে কোম্পানিটি ১ লাখ ১৬ হাজার ৭০৬ জন গ্রাহকের ৬৯০ কোটি ৪ লাখ টাকা পরিশোধ করেছে।

সবচেয়ে বেশি বীমা দাবি বকেয়া রেখেছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ২০২৫ সাল শেষে কোম্পানিটিতে ৩ হাজার ২২৭ কোটি ৭৩ লাখ টাকা বকেয়া পড়ে রয়েছে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ২৪ হাজার ৬৯২ জন গ্রাহক ৩ হাজার ৪৪২ কোটি ২৮ লাখ টাকার দাবি উত্থান করেন। এর বিপরীতে কোম্পানিটি ৫৮ হাজার ২১৫ জন গ্রাহকের ২১৪ কোটি ৫৬ লাখ টাকা পরিশোধ করেছে। অর্থাৎ কোম্পানিটিতে ৫ লাখ ৬৬ হাজার ৪৭৭ জন গ্রাহকের ৩ হাজার ২২৭ কোটি ৭৩ লাখ টাকা বকেয়া পড়ে রয়েছে। বকেয়া পড়ে থাকা দাবির হার ৯৪ শতাংশ।

বাংলাদেশে ব্যবসারত বিদেশি কোম্পানির শাখা মেটলাইফ বাংলাদেশের কাছে গ্রাহকের বড় অঙ্কের বীমা দাবি বকেয়া রয়েছে। কোম্পানিটিতে ১ হাজার ৭১৮ জন গ্রাহকের ৪৯ কোটি ১৮ লাখ টাকা বকেয়া পড়েছে। এই কোম্পানিটিতে ৩ লাখ ৫ হাজার ৮৪৪ জন গ্রাহক ২ হাজার ৯০২ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। বিপরীতে কোম্পানিটিতে ৩ লাখ ৪ হাজার ১২৬ জন গ্রাহকের ২ হাজার ৮৫৩ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করেছে।

সর্বোচ্চ বীমা দাবি বকেয়া থাকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২ লাখ ৫৩ হাজার ৫৬৭ জন গ্রাহকের ২৬৯ কোটি ৬১ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেনি। বছরটিতে ২ লাখ ৫৭ হাজার ২০৭ জন গ্রাহক ২৮০ কোটি ৮১ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। বিপরীতে কোম্পানিটি মাত্র ৩ হাজার ৬৪০ জন গ্রাহককে ১১ কোটি ২১ লাখ টাকা দাবি পরিশোধ করেছে।

সমস্যাগ্রস্ত আরেক বীমা কোম্পানি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ৮৪ হাজার ৯৪৩ জন গ্রাহকের ২২৩ কোটি ১৯ লাখ টাকার বীমা দাবি দেয়নি। কোম্পানিটিতে ৮৬ হাজার ৫১১ জন গ্রাহক ২৩৪ কোটি ৩৫ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। এর মধ্যে মাত্র ১ হাজার ৫৬৮ জন গ্রাহকের ১১ কোটি ১৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

প্রোগ্রেসিভ লাইফে ৪২ হাজার ১৬২ জন গ্রাহকের ১৬২ কোটি ৬৫ লাখ টাকা বীমা দাবি বকেয়া পড়েছে। কোম্পানিটিতে ৫৩ হাজার ৫৯৬ জন গ্রাহক ২০৭ কোটি ১৫ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ১১ হাজার ৪৩৪ জন গ্রাহকের ৪৪ কোটি ৫০ লাখ টাকার দাবি পরিশোধ করা হয়েছে।

১০০ কোটি টাকার বেশি বীমা দাবি বকেয়া পড়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সেও। কোম্পানিটিতে ১ লাখ ৬২ হাজার ৫৮ জন গ্রাহক ৯৯৮ কোটি ২ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ১ লাখ ২৪ হাজার ২৪১ জন গ্রাহকের ৮৬৭ কোটি ১ লাখ টাকা দাবি পরিশোধ করা হয়েছে। বিপরীতে ৩৭ হাজার ৮১৭ জন গ্রাহকের ১৩১ কোটি ১ লাখ টাকা দাবি বকেয়া পড়ে রয়েছে।

বায়রা লাইফে ৩৩ হাজার ৬১৮ জন গ্রাহক ৮০ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। বিপরীতে কোম্পানিটি মাত্র ৪৮৭ জন গ্রাহকের ১ কোটি ৩১ লাখ টাকা পরিশোধ করেছে। কোম্পানিটি ৩৩ হাজার ১৩১ জন গ্রাহকের ৭৯ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করেনি।

সিংহভাগ বীমা দাবি বকেয়া পড়ে রয়েছে গোল্ডেন লাইফেও। কোম্পানিটিতে ২০ হাজার ৫০৩ জন গ্রাহক ৫২ কোটি ৪৪ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। বিপরীতে কোম্পানিটি ২ হাজার ১৭২ জনের ৫ কোটি ৭৭ লাখ টাকা দিয়েছে। আর ১৮ হাজার ৩৩১ জন গ্রাহকের ৪৬ কোটি ৬৭ লাখ টাকা পরিশোধ করা হয়নি।

হোমল্যান্ড লাইফে ১৫ হাজার ২৪৭ জন গ্রাহক ৩৫ কোটি ৪৯ লাখ টাকা পাচ্ছেন না। কোম্পানিটিতে ১৬ হাজার ৮৭৬ জন গ্রাহক ৪০ কোটি ৩৩ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। বিপরীতে কোম্পানিটি ১ হাজার ৬২৯ জন গ্রাহকের ৪ কোটি ৮৪ লাখ টাকা দিয়েছে।

সানলাইফ ইন্স্যুরেন্সের ১ লাখ ১৬ হাজার ৪৬৩ জন গ্রাহক ৭৫ কোটি ৭০ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। বিপরীতে কোম্পানিটি ১৩ হাজার ১১৫ জন গ্রাহকের ৩৯ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করেছে। আর ১ লাখ ৩ হাজার ৩৪৮ জন গ্রাহকের ৩৬ কোটি ৪৮ লাখ টাকা দাবি বকেয়া রয়েছে।

প্রাইম ইসলামী লাইফে ১৪ হাজার ২৫৪ জনের ২৮ কোটি ৭ লাখ টাকা, গার্ডিয়ান লাইফে ৪ হাজার ২৬২ জনের ১৩ কোটি ৭৪ লাখ টাকা, ন্যাশনাল লাইফে ১ হাজার ৬৩৮ জনের ১২ কোটি টাকা, প্রগতি লাইফে ৬৮৭ জনের ৫ কোটি ৩৬ লাখ টাকা, মেঘনা লাইফের ৬২০ জনের ৩ কোটি ৭০ লাখ টাকা, পপুলার লাইফে ১ হাজার ২৩৭ জনের ৩ কোটি ২২ লাখ টাকা, সন্ধানী লাইফে ৩৩৫ জনের ২ কোটি ৪৮ লাখ টাকা এবং ডায়মন্ড লাইফে ৩১৪ জনের ১ কোটি ৩৪ লাখ টাকা বীমা দাবি বকেয়া আছে।
প্রোটেক্টিভ লাইফে ১৮৯ জনের ৯৮ লাখ টাকা, আস্থা লাইফে ১০ জনের ১ লাখ টাকা, বেঙ্গল ইসলামী লাইফে ৯ জনের ১২ লাখ টাকা, বেস্ট লাইফে ১২ জনের ১২ লাখ টাকা, চাটার্ড লাইফে ৭ জনের ৩৩ লাখ টাকা, যমুনা লাইফে ২১ জনের ৫১ লাখ টাকা, এনআরবি ইসলামীক লাইফে ৯ জনের ১৬ লাখ টাকা, রূপালী লাইফে ৮৫৪ জনের ৪৩ লাখ টাকা, শান্তা লাইফে ২৭ জনের ৯ লাখ টাকা, স্বদেশ লাইফে ৩ জনের ২৪ লাখ টাকা, ট্রাস্ট ইসলামী লাইফে ৩ জনের ২ লাখ টাকা এবং জেনিথ লাইফে ৪ জনের ৪ লাখ টাকার বীমা দাবি বকেয়া রয়েছে।

২০২৫ সাল শেষে জীবন বীমা কোম্পানিগুলোতে ৪ হাজার ৪০৩ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি বকেয়া পড়ে রয়েছে। বছরটিতে গ্রাহকরা বীমা কোম্পানিগুলোতে ১৩ হাজার ১৫৮ কোটি ৫ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করেন। বিপরীতে কোম্পানিগুলো পরিশোধ করেছে ৮ হাজার ৭৫৪ কোটি ৮৬ লাখ টাকা।
এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ১৩ হাজার ৫৬ কোটি টাকার বীমা দাবির বিপরীতে ৮ হাজার ৬০৯ কোটি ৫৭ লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করে বীমা কোম্পানিগুলো। যা ছিল মোট বীমা দাবির ৬৫.৯৪ শতাংশ।

 

 

 

 

 

Facebook Comments Box
×

Posted ০৮:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com