|

Advertisement
×
বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন

২০২৬ সালের জন্য অতিরিক্ত ফি দিতে আপত্তি বিআইএ’র

রবিবার, ০১ মার্চ ২০২৬   প্রিন্ট   ৩০৩ বার পঠিত

২০২৬ সালের জন্য অতিরিক্ত ফি দিতে আপত্তি বিআইএ’র

বীমা ব্যবসার নিবন্ধন ফি বিধিমালার সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের জন্য অতিরিক্ত ফি আরোপের বিষয়ে আপত্তি জানিয়েছে বীমা কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।

রোববার (১ মার্চ) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও অন্যান্য সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ আপত্তি জানায় সংগঠনটি।
বৈঠকে বিআইএ নেতৃবৃন্দ বলেন, সংশোধিত প্রজ্ঞাপনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে জারি করা হলেও ২০২৬ সালের নিবন্ধন নবায়নের ফি বিধি অনুযায়ী ২০২৫ সালের নভেম্বরেই পরিশোধ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের পরে জারিকৃত বিধিমালা অনুযায়ী কর্তৃপক্ষ অতিরিক্ত ফি আরোপ করতে পারে না এবং নিবন্ধন সনদ আটকে রাখারও সুযোগ নেই।

আইডিআরএ’র সঙ্গে বৈঠককালে বিআইএ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস প্রেসিডেন্ট ও অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য ও সিটি ইনস্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, জনতা ইনস্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ, রিপাবলিক ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী এ কে এম সরোয়ার জাহান জামিল এবং এশিয়া ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী ইমাম শাহীন।
জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্য বেলাল আহমেদ ও ইমাম শাহীন বলেন, “বিধি মোতাবেক আমরা ২০২৬ সালের নিবন্ধন নবায়নের জন্য পূর্বের হারে ২০২৫ সালের নভেম্বরে ফি পরিশোধ করেছি। এরই মধ্যে নবায়নের সময়ও শেষ হয়েছে। এ অবস্থায় সময়সীমা পেরিয়ে বিধিমালা সংশোধন করে অতিরিক্ত ফি আরোপের সুযোগ নেই। আমরা এ বিষয়ে আপত্তি জানিয়েছি।”

তারা আরও জানান, আইডিআরএ বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছে।

কর্তৃপক্ষের একজন সদস্যও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আইডিআরএ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বিআইএ’র দাবি নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে আলোচনা করা হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৮:২৪ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com