|

Advertisement
×

 ৯৫ শিল্পগ্রুপের সঙ্গে বৈঠকে বসছে ডিএসই

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৭৬১ বার পঠিত

 ৯৫ শিল্পগ্রুপের সঙ্গে বৈঠকে বসছে ডিএসই

 

স্কয়ার, সিটি এবং প্রাণ আরএফএলের মতো বড় গ্রুপ ও কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে উদ্যোগ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এজন্য ডিএসই কর্তৃপক্ষ দেশের ৯৫টি গ্রুপ এবং কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে বৈঠকে বসছে।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জের ডিএসই ভবনে এ বৈঠকে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদ এবং বিএসইসির নির্বাহী পরিচালকরা উপস্থিত থাকবেন।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অলোচনা সভায় ডিএসইর ভারপ্রাপ্ত এমডি, পরিচালক এবং ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বৈঠকে এসব কোম্পানির পুঁজিবাজারে না আসার কারণ ও কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চাইবে ডিএসই। পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উদ্যোক্তারা কী ধরনের সুযোগ-সুবিধা চান তা নিয়েও মতামত নেওয়া হবে।

বৈঠকের বিষয়ে ডিএসইর কোম্পানি সচিব আসাদুর রহমান  বলেন, বিএসইসি পুঁজিবাজারে বিদেশি কোম্পানি আনতে রোড শো করছে। সেই আদলে বাংলাদেশের ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তালিকাভুক্ত হতে তাদের সমস্যাগুলো কোথায় তা জেনে সমাধান করার চেষ্টা করা হবে।

ডিএসইর এ বৈঠকে আমন্ত্রণ পাওয়া কোম্পানিগুলোর মধ্যে অন্যতম হলো-টি কে গ্রুপ, পারটেক্স গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, ইনসেপটা, ডিবিএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, নাসা গ্রুপ, উত্তরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ এবং কোম্পানি।

ঢাকার পর চট্টগ্রাম এবং অন্য শহরভিত্তিক শিল্পগোষ্ঠীর উদ্যোক্তাদের সঙ্গেও বৈঠক করবে ডিএসই।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com